বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আমি বেঁচে আছি

  • জাহাঙ্গীর বাবু
  • ২০২৫-০৪-১৪ ১৫:৪৫:০৮

এসো হে বৈশাখ, এসো নতুন সাজে,  
ডিজিটালের আলোয়, ক্লিকের মাঝখানে।  
ঐতিহ্যের গানগুলো বাজে ভার্চুয়াল মঞ্চে,  
মনে হয়, আমি বেঁচে আছি—  
অতীত আর বর্তমানের মাঝখানে।  

স্বাগত হে বৈশাখ, সোশ্যাল মিডিয়ার আলোয়,  
স্ট্যাটাস, ছবি, আর শুভেচ্ছার বন্যায়।  
প্রিয়তমা লাইভ কলে  বলি "শুভ নববর্ষ,"  
ডিজিটাল গোলাপে মুগ্ধ আমি,  
মনে হয়, আমি হারাইনি—বেঁচে আছি।  

ধন্যবাদ হে বাঙালি, তোমার সোশ্যাল চ্যাটে,  
তোমার স্টোরিজে, তোমার নস্টালজিক পোস্টে। 
তোমাদের টিকটক,ইন্সটাগ্রাম, ফেসবুক রিলসের
বাঙ্গালীয়ানায় বাংলার সাজে- 
তোমরা যখন স্মরণ করো বৈশাখের গান,  
তখন বুঝি আমি এখনো তোমাদের হৃদয়ে—  
কার্বন মিস্রিত নিঃশ্বাসে বেঁচে আছি।  

আমার এখন বেশি কষ্ট হয়,  
যখন বাঙালিত্ব হারিয়ে যায় ভার্চুয়ালের ঝড়ে,  
উত্সবের নামে অসতর্কতার অন্ধকারে। 
ভিউয়ের আশায় অশ্লীলতায়  শর্ট ভিডিও রিলসে
নির্লজ্জ অঙ্গ-ভিঙ্গি আর নগ্নতায় যা ইচ্ছা তাও করো!
কষ্ট হয়, যখন অস্তিত্বের ভাষা ভুলে,  
তোমরা মাতো বিজাতি,বিধর্মী অন্যের রঙে।  

যখন সত্যের পথে দাঁডাও মজলুমের সাথী হও
নারী নির্যাতন,শিশু নির্যাতনের প্রতিবাদ করো
স্বাধীনতা,সার্বভৌমত্বের লড়াই করো
 মনে হয় বেঁচে আছি।

কষ্ট পাই সেই তোমরাই অস্ত্র হাতে নির্বিচারে
মানুষ খুন করো,চাঁদাবাজি করো,শ্লীলতাহানি করো
মা বাবাকে কষ্ট দাও,ধর্মের নামে অধর্ম করো
আপন সংস্কৃতি ভুলে যাও, মোনাফেকি করো
আমি কষ্ট পাই,কবি আর আমি কষ্ট পাই।

তোমাদের মাঝে আমি আছি এখনও—  
নিশ্চল পিক্সেল কিংবা স্মার্ট স্ক্রিনে নয়,  
আমি আছি প্রতিটি হৃদয়ের নি:শ্বাসে,  
বাংলার ঐতিহ্যের মাঝে,
পহেলা বৈশাখের স্মৃতি চারণে।

স্বাগত হে বৈশাখ, নতুন দিনের আলোয়,  
তোমাদের স্মার্ট ফোন, ইমোজি আর হ্যাশট্যাগে।
তোমাদের সঙ্গে, একনিষ্ঠ অনুরাগে,  
ধন্য তোমরা বাঙালি, বৈশাখের এই মেলবন্ধনে।  

বন্ধু আইডি-২৫৮


এ জাতীয় আরো খবর