চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছাগলের ঘাস খাওয়া নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,গত শুক্রবার(১১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শ্যামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হুদমা গ্রামে স্থানীয় বিএনপির সাবেক নেতা বেনু ঘোষের ছেলে মো: আমিনুলের ছাগল পাশের গোপালনগর গ্রামের মো: মহবুলের ছেলে মো: শহীদুলের জমির ঘাস খাওয়া নিয়ে উভয়পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় সময় দেশী অস্ত্রের পাশাপাশি একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান হয়। সংঘর্ষে আহত হয় আমিনুল পক্ষের ৪ জন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের সময় বেনু ঘোষের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দিবাগত গভীর রাতে(১২ এপ্রিল) আমিনুলের ভাই আতিকুল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক সাইফুল ইসলামকে প্রধান আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করলে পুলিশ শনিবার সকালে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন,সংঘর্ষে ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটান হয় বলে শোনা গেছে। স্থানীয় ব্যাক্তিবর্গের হস্তক্ষেপে সংঘর্ষ থামার পর ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যাতেই থানা ও সেনাক্যাম্পে জাননো হয়। চেয়ারম্যান আরও বলেন,ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ,বিএনপি কর্মীরা জড়িয়ে পড়লেও এটি রাজনৈতিক কোন দ্বন্দে শুরু হয় নি। শহীদুল তাঁর জমির ঘাস খাওয়ায় আমিনুলের ছাগল আটক করে। আমিনুল সেটি আনতে গেলে সে ছাগল ফেরৎ দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এছাড়া ছাগলের ঘাস খাওয়া নিয়ে দু’পক্ষের পূর্ব থেকেই একটি বিরোধ ছিল বলেও জানা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনায় বিভিন্ন দলীয় কর্মীরা জড়িত থাকলেও এটি রাজনৈতিক সংঘর্ষ নয়। ছাগলের ঘাস খাওয়া নিয়েই দ্বন্দ শুরু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।