জানতাম তুমি ফিরে আসবে
মুছিয়ে দেবে বিগত জন্মের যতো
সুন্দর অসুন্দরে ভরা ক্ষতচিহ্ন।
বালুচরে লাল কাঁকড়ারা যে আলপনা এঁকে রাখে
বড়ো সুন্দর সে আল্পনা।
মোহিনী নারীর মতো।
তবু সমুদ্র এসে মুছে দিয়ে যায় সব কারুকাজ
ওর কেন জানি সহ্য হয়না
বুঝি ভাবে দখল হয়ে যাচ্ছে ভালোবাসার
সোনালি বালুবেলা।
লাল জীবগুলো কিন্তু বেঁচে থাকে অবাধ্যের মতো
ফের এঁকে রাখে আলপনা।
এ এক বড়ো বিচিত্র খেলা
দখল আর বেদখলের
টান আর পিছুটানের।
জানতাম তুমি ফিরে আসবে। আসবেই।
চিহ্নমাত্র রাখবে না অন্য কোনো মোহিনী মায়ার।
পিছুটান না থাকলে ভালোবাসা কেন?