অপরিণামদর্শী সে, অতি অর্বাচীন
মৃত্যু নিয়ে খেলা করে নির্মম জাহিল;
শিশু-ও পায়না ক্ষমা, অন্ধকার দিল
নিজে মরে আর মারে চিন্তনে প্রাচীন।
দিনে দিনে এ সভ্যতা করিছে কঠিন
বিশ্ববিবেক বধির ঠোঁটে দিছে খিল;
মানবতা কবরস্থ ---কোমায় উকিল
ক্ষমতার লোভে মত্ত আমেরিকা-চীন।
শ্মশান সম নীরব আজকের গাজা
ধূলিসাৎ হাসপাতাল মসজিদ স্কুল।
প্রত্যহ উষ্কানি দেয় পৃথিবীর রাজা
ক্ষমতার মোহে অন্ধ, খুনি বিলকুল।
এখনো সময় আছে মৃত্যু নয় আর,
জাগ্ৰত তৃতীয় বিশ্ব দিচ্ছে হুঁশিয়ার!