ধ্বংসের সাথে লড়ে যারা
তারাই জানে জীবনের মান
যাপন মন্ত্রে চিরকাল চলে
দিন বদলের পালা গান।
বনস্পতি ভেঙে গেলে ঝড়ে
মাথা তুলে দাঁড়ায় কিশলয়
নূতন প্রাণের অভিষেক হতে
প্রাচীনের বুকে নামে অবক্ষয়।
সূর্যের প্রখর শক্তির পরাক্রম
খন্ডিত হয় রাত্রির অহংকারে
দিনে যে মহাকাশের রাজা
সে হারায় নিকষ অন্ধকারে।
পঞ্চ ভূতের আত্মা বিলীন
সৃষ্টির খেলায় পাল্টায় কায়া
বোধিসত্ত্ব বলেছিলেন একদিন
এ জগতে ছড়ানো মিথ্যে মায়া।
আসা-যাওয়া সময়ের সাথে
নশ্বর পৃথিবীতে নশ্বর সব
বিদায়ী পুরাতনের বেদনা ভুলে
শুরু করো নূতনের উৎসব।
সীমান্তে দাঁড়িয়ে চৈত্র যাকে
শমন বলে দিচ্ছে ডাক
এসো তাকে বরণ করি
নতুন বছরের পহেলা বৈশাখ।