বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পা র মি তা ম ন্ড ল

  • একটু রাগ কমালে ক্ষতি কি ?
  • ২০২৫-০৪-০৫ ০২:৩০:৪১

জানোতো এখন ভীষন ভাবে মনে হয়,  
একটু রাগ কমালে সত্যিই  ক্ষতি কি হতো বলোতো?
তোমার আমার এই দূরত্বটা হয়তো তৈরীই হতোনা।

এবারের জন্মদিনে তুমিও থাকতে পাশে।
হয়তো এভাবে প্রতীক্ষার প্রহর গুনতে হতোনা।
 অথচ  দেখো তোমার দেওয়া হাত ঘড়িটা টিকটিক করে জানিয়ে দেয়,
 প্রতিটি প্রহর গুনি আজও  শুধু তোমার প্রতীক্ষায়।
সে তোমার মত আজও কানে কানে  বলে, 'রাগ যে তোমার মিষ্টি ওগো অনুরাগের চেয়ে, 
সাধ করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে।" জানি এটা আজ স্মৃতি। 
তবুও বলতে ইচ্ছে করে আর একবার  সব ভুলে ফিরে আসা যায় না?
কেন রাগ করেছিলে ?  অভিমানে দূরে সরে গিয়ে জন্ম দিলে এক অসমাপ্ত কাব্য?

আমি তো বলতেই চেয়েছিলাম "এতো রাগ নয় গো এ যে অনুরাগ !" 
আমি তো শুধু তোমার অনুরাগ চেয়েছিলাম। তুমি বোঝনি সেকথা কখনো। 
আর এখন রাগ ভাঙ্গাতে গিয়ে বেড়ে গেল ,হাজার মাইল দূরত্ব। 
সেই আলোকবর্ষ পেরিয়ে আর ফেরা হবে না কোনদিন তোমার কাছে। 
আমি তোমার আকাশে"ভিনদেশী তারা " হয়ে  থেকে গেলাম 
তোমার চিলেকোঠার ঘরে। মনের ঘরের দুয়ার বন্ধ করে।

আজও জন্মদিনে অপেক্ষায় থাকি, তোমার  জন্য সেই ময়ূরাক্ষীর তীরে। 
কুলকুল বয়ে যাওয়া ময়ুরাক্ষীকে সাক্ষী রেখে গোধুলীর কনে দেখা আলোতে, 
যেদিন তুমি প্রথম আমায়  উপহার দিয়েছিলে রবীঠাকুরের---"শেষের কবিতা"
আমার মান ভাঙানোর জন্য। আজ ও সেই দিনটা মনের ঘরে বড় উজ্জ্বল।
যেখানে বড় যত্নে লিখেছিলে" একটু রাগ কমলে ক্ষতি কি?
"মিষ্টি সুরে গেয়েছিলে-" রাগ যে তোমার মিষ্টি ওগো অনুরাগের চেয়ে। 
সাধ করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে"!
চলোনা একসাথে আমরা আবার পথ চলি।"

বয়ে যাওয়া ময়ূরাক্ষী যেন খিলখিলিয়ে হেসে উঠে
বলেছিল  "এ তো  রাগ নয় গো এ যে অভিমান"!
সত্যিই তুমি বুঝলে আমায়। অভিমানে দূরে সরে গিয়ে 
বাড়িয়ে দিলে বহু যোজন দূরত্ব,ভেঙে দিলে খেলা ঘর।

আজও ময়ূরাক্ষী বয়ে চলে নিজের গতিতে, 
কখনো শৈবাল দাম বাসা বাঁধে, 
তো কখনো উত্তাল হয়ে বান ডাকে।
কিন্তু আমরা আর কেউ কাউকে ডাকিনি কোনদিন।
বড় অভিমান নিয়ে দূরে সরে গেলাম সমান্তরাল সরলরেখা হয়ে ,
সারা জীবনের মত। কি হতো যদি দু'জনেই আর একটু সহনশীল হতাম ?

তাইতো , যখন ভুল বুঝেছি তখন খুঁজেছি তোমায়,
উড়ো বৃষ্টিদের দলে মিশে গিয়ে খুঁজেছি ,
খুঁজেছি মেঘেদের দেশে, তারাদের দেশে। 
ছায়াপথের পাশ দিয়ে বয়ে যাওয়া পথ ধরে সেই নতুন পৃথিবীতে। 
পাইনি তোমায়।
যক্ষ্মকে দূত করে পাঠিয়ে ছিলাম খুঁজতে তোমাকে। 
গিয়েছিল মেঘবালিকাও। কিন্তু শূণ্য হাতে ফিরে এলো সবাই। 
হারিয়ে গেলে তুমি আমার আকাশ থেকে।
তারা খসার মত নক্ষত্র পতন হলো আমার জীবনে। 
হারিয়ে ফেললাম তোমায় সারাজীবনের মত।

আজও জন্মদিন আসে যায়, মন প্রতীক্ষার প্রহর গোনে তোমার আশায়। 
নামি দামি উপহারের ডালি নিয়ে অপেক্ষা করে , হাজারও অনুরাগী।
কিন্তু শেষের কবিতা আর কেউ উপহার দেবেনা কোনদিন।

তাই ভাবি ,একটু রাগ কমলে, সত্যিই কোন ক্ষতি হতো না। 
তোমার আমার সম্পর্ক এভাবে কুয়াশার চাদরের আড়ালে হারিয়ে যেতনা। 
পারোনা আর একবার ফিরে আসতে? 
শেষের কবিতার শেষ থেকে আবার শুরু করতে ? 
আমি অপেক্ষা করবো।


এ জাতীয় আরো খবর