ভালোবাসা পিঁড়ি পেতে রেখেছিলো উঠোনের কোণে।
ছায়া ছিলো, মায়া ছিলো, মুথা ঘাস ছিলো
ছাঁচতলায় আর ছিলো বৃষ্টিক্ষতগুলি...
ভালোবাসা পিঁড়ি পেতে রেখেছিলো উঠোনের কোণে
কিন্তু
সে পিঁড়িতে এসে এখনো বসেনি
কেউ, ধীর পায়ে এসে, ত্রস্ত একা একা
কেউ সে পিঁড়িতে এসে এখনো বসেনি
গভীর গভীরতর রাত হয়ে এলো
কেউ সে-পিঁড়িতে এসে এখনো বসেনি
গভীর গভীরতর রাত শেষ হলো
কেউ সে-পিঁড়িতে এসে এখনো বসেনি।
(যেতে পারি কিন্তু কেন যাবো)