ভালোবাসো, এই বলে অদৃশ্য হয়ে গেলে একদিন।
যেন জমা দিয়ে গেলে ব্যাংকের সেভিংস একাউন্টে,
যে কোনও দিনই যখন ইচ্ছে দাবি করতে পারো।
ভেবেছিলে ভালোবাসা আরও ফুলে ফেঁপে বড় হবে
বছরভর না-দেখায় না-ছোঁয়ায় অনেক ধারালো।
ভেবেছিলে যেমন রেখে গিয়েছিলে,তেমনই দেখবে এসে,
ভেবেছিলে যা কিছুই দিনে দিনে নষ্ট হোক,
ভালোবাসা হবে না, ঝরে যাওয়া উড়ে যাওয়া মরে যাওয়া
বলে কিছু নেই এর, এ না হলে এর নাম ভালোবাসা কেন!
ভালোবাসা ছুরির মতো, যে ছুরিতে হৃদয় কাটে।
জানো না এমন নয়, জানো।
ফেলে রাখো, দেখ জং ধরে ভোঁতা হয়ে
সরু কোনও সুতোও কাটবে না, হৃদয়ের প্রশ্ন ওঠে না।
ভালোবাসা ছুরি যদি, ছুরির কি ধর্ম নেই?
ভালোবাসি শব্দটি উচ্চারণ করে যত দূরে খুশি যাও,
যত মাস, যত বছর চোখের আড়ালে ইচ্ছে করে, থেকে যাও
আচমকা ফিরে এসে সুদে আর আসলে অন্য কিছু ফেরত চেও,
ভালোবাসা চেও না। এ গুদামজাতের দ্রব্য নয়, টাকাকড়ি নয়।
বাণিজ্য অন্য কোথাও করো, আমার সঙ্গে নয়।
ভালোবাসা আমি বন্ধক রাখি না, যে রাখে রাখুক।