(অব্যক্ত যন্ত্রণা বুকে নিয়ে না ঘুমিয়ে কেটেছে অনেক রাত
নির্ঘুম রাতকে জিজ্ঞেস করেছিলাম
কেন এই অনন্ত অপেক্ষা আমার?
উত্তরে একদিন সে স্বপ্ন এঁকে দিয়েছিল চোখে)।
প্রিয় রবিবাবু, আমি অতি সাধারণ নারী
আপনার দিকে আঙ্গুল তোলার স্পর্ধা আমার নেই
তবে সমগ্র নারী জাতির হয়ে একটা জিজ্ঞাসা আছে
কেন? নারী মনের ইচ্ছাকে পূর্ণতা দিলেন না?
আপনার কাব্যে প্রথম সাহসিকতার পদার্পণ
কতবার মনে হয়েছে একমাত্র আপনিই পারেন
সাধারণ নারীর প্রেমকে বাস্তবায়িত করতে
সাহিত্যের মহাকাশে উজ্জ্বল জ্যোতিষ্ক আপনি
সেখানে বিরাজ করছে বহু কাব্য, উপন্যাস, গল্প, নাটক আরো কত কি,
প্রেমে ভরা কবিতা লিখেছেন
আপনার উপন্যাসে প্রেম ধরা দিয়েছে বহুভাবে
ব্যক্তিত্বময়ী প্রেম, পরকীয়া প্রেম সব সব ছিলো
দুঃসাহসী প্রেমে বিনোদিনীকে এগিয়ে নিয়ে গিয়েও
শেষ পর্যন্ত ডুবিয়ে দেওয়া কি খুব দরকার ছিল??
শরৎ বাবু, আপনি তো মাটি ঘেঁষা মানুষের জীবন কাব্য লিখেছেন হৃদয় দিয়ে
নারী প্রথম আপনার হাত ধরে আলো দেখতে চেয়েছিল
সাহিত্যের দ্বার উন্মুক্ত করেছিলেন তাঁদের জন্য
কুমারী, গৃহবধূ, বিধবা, বারবনিতা সবাইকে শীর্ষে তোলার প্রতিজ্ঞা ছিল আপনার কলমে
তবে কেন পার্বতী পেল না দেবদাসকে?
কেন অভিমানী রমা পেল না রমেশকে?
ব্যক্তিত্বময়ী অচলার জীবনে প্রেম নিয়ে কেন এত দোলা চলতা??
অবলীলায় হারিয়ে দিলেন নারীকে?
চোখ রাখলাম আধুনিকতায়
দেখা হল বনলতার কবির সঙ্গে
প্রিয় জীবনানন্দ, নারীর রূপ অঙ্কনে আপনি শ্রেষ্ঠ
কাব্যে প্রকৃতির সাথে মিশিয়ে দিয়েছেন নারীর সৌন্দর্য্য
বনলতা ঘরে ঘরে উচ্চারিত সৌন্দর্যের প্রতীক হিসেবে
তবে প্রেমে কেন অবহেলা?
কি দোষ ছিল তাঁর??
প্রবল আক্ষেপ নিয়ে কলম ধরেছিলেন
সুনীল বাবু,আপনার কলম থেকে আগুনের মতো বেরিয়ে এসেছিল 'কেউ কথা রাখে না'
আপনিও কি রেখেছেন?
আপনার নীরা শুধুই স্বপ্নের সিঁড়িতে দাঁড়িয়ে
কাব্যে উপভোগ্য সে বিভিন্নভাবে
তবে কেন তাঁর জন্য তৈরি হলো না প্রেমের বিজয় রথ?
কেন সুনীল বাবু কেন??
সেই কবে থেকে নারীর একান্ত চাহিদা
নারী প্রেমিকা হবে
নারী বিজয়িনী হবে
অথচ আজও উপেক্ষিত নারীর প্রেম
আপনাদের কলমে লেখা হলো না নারীর সফল প্রেম কাব্য?
(সবাই নিরুত্তর, স্বপ্ন আবারও ভেঙে গেল)
বাস্তব হেসে বললো
আসলে কেউ কথা রাখে না
কেউ কথা রাখেনি কোনোদিন।