বলেছিলে, বসন্তে আসবে
অথচ বসন্ত যায় যায়, এলে না তবু
কোকিল গাইলো না গান,
পলাশ ঝরে গেল
পেলাম না ঝরা বকুলের ঘ্রাণ।
ঝরে গেছে আম্র মুকুল অলিকুল চুপচাপ
আসে নাকো ফুলবনে,
মেঘবালিকার আনাগোনা
কালবোশেখির তাণ্ডব আশঙ্কা জাগায় মনে।
দিনের উষ্ণতা অনুভবে দিনদিন বাড়ে
রাত্রে গা করে শিনশিন,
রোগ-ব্যাধি কড়া নাড়ে দোরে
ম্যাজম্যাজে শরীর
জীবাণুবাহী মশা-মাছি নাচে ধিনধিন।
খোলা জানালায় তবু বসে থাকি
চাঁদনী রাতে দেখি ঘন সবুজ পাহাড়
রুপালি জোছনারা করে খেলা,
বুকের মাঝে জমাট বাঁধা আঁধার।
পারি না সরাতে শত বিস্মৃত ভাবনায়,
রাত শেষে দলবেঁধে ফিরে আসে ভোরবেলা।
প্রকৃতির সবকিছুর রদবদল হয়
ঋতুচক্রে করে আসা যাওয়া,
মৃত্যু শুধু চিরন্তন নিয়েই যায় সময় মতো,
মানে না প্রতিশ্রুতি দিনক্ষণ-কাল
আবহমান কাল ধরে করো না অপেক্ষা যত।
আসবে বলে চলে গেলে এলে না আর ফিরে
স্মৃতিগুলো ঘুরে বেড়ায় শুধু তোমাকেই ঘিরে।