বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • কৃষ্ণ ছায়ায় ঢাকা জীবন
  • ২০২৫-০৩-২২ ০০:০৪:৩৬

ফাগুন এসেছে শুনি কোকিলের কুহুতান।
ফুলে ফুলে ছেয়ে গেছে আঙিনা, 
চোখ ভরা টলটলে জল, মিথ্যে নীতিকথায় ভরে না মন, 
বসন্ত উৎসব শিশু-কিশোরীর রক্তে রঞ্জিত,
নদীরা নীরব, চঞ্চল বাতাস বয়ে বেড়ায় উষ্ণ শ্বাস। 

থেমে গেছে মধুকরের গুঞ্জন
থোকা থোকা কুঁড়ি ঝরছে অবলীলায়। 
লোকালয়ে মানুষের ছদ্মবেশে নরপশুরা
ওত পেতে থাকে শিকারের আশায় ----
প্রাণ খুলে নাচতে পারে না পাখিরা
সাজতে পারে না শিশু-কিশোরী। 

উৎপীড়িত হৃদয় করে হাহাকার গভীর বেদনায়, 
তারারা মুখ লুকিয়ে থাকে মেঘের আড়ালে,
হয় না জোছনা মেখে নির্জনে হাঁটা
চাঁদের কিরণ গড়িয়ে পড়ে না খোলা জানালায়। 

ফুল পাখি ও নারী অরক্ষিত আজ 
পরিবার, সমাজ, রাষ্ট্র অচেনা এক রোগে আক্রান্ত,
অশান্তির ছায়া দীর্ঘায়িত
অথচ সেই ছায়া ঢাকা পথ ধরেই আমরা হাঁটছি অবিরত।


এ জাতীয় আরো খবর