দেশে এখন সবাই রাজা,
প্রজার বড়ই অভাব,
তাই না লোকের মারকুটে
আর দাঙ্গাবাজের স্বভাব।
দোষ যদি কেউ করে একা,
গুষ্টিশুদ্ধো মার,
দিয়েও দেখি করছে সাধের
ভিটেমাটি ছাড়।
যেভাবে সব ভেঙে, লুটে,
করছে রোজ উৎসব,
মগ-হার্মাদের যুগেও এমন
ছিল কি মচ্ছব?
ক্লাব, সমিতি, বাস টার্মিনাল--
পদ যেটারই হোক,
দিব্যি দখল নিচ্ছে দেখি
চিহ্নিত সব লোক।
চাঁদার পরিমাণও নাকি
আগের থেকেও ঢের,
ক্ষেত্রবিশেষ বেড়ে গেছে
নতুন নেতাদের।
দেখে, শুনে আছি ভীষণ
আসলেই শঙ্কায়,
পাঁচই আগস্ট যাচ্ছে না তো
ফের লবডঙ্কায়!