বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শ্বে তা চ ক্র ব র্তী

  • শেষ বসন্তের কবিতা
  • ২০২৫-০৩-১২ ২০:৫২:৪৮

ফিরে আসবার ছিল না তবুও ফিরেছ,
জানিয়ে দিয়েছ এখনো ফোন কি চিঠিতে
ইন্দ্রিয় নিয়ে কত কথা বলা যায় আর,
বিশেষত এই ভরা ফাল্গুন মাসেতে,
তোমার শরীর মরণের বুকে ঘাইমাছ!

ওসব আমার অতীত থেকেই নিয়েছি,
ভুলে গেছি কবে ঢেউ আর ঘাই সহসা
উথালপাতাল হেনেছিল দিঘিজলকে,
ভুলে যাওয়া গানে প্রদীপ থাকে কি,ফোস্কা?
মনে করিয়েছ মরে যাওয়া প্রেম আসলে রজনীগন্ধা!

তুমি রাগ করো এখনো আগেরই মতো সেই,
শিরা ফুলে ওঠে যাপনে বা অযাপনে,
রাগ করে বলো,'চুলে তেল কেন মেখেছেন?'
রাগ করে বলো,'খোলাচুল নিয়ে আসবে!'
রাগ করে বলো,প্রেম মানে দেহ বাসনা,
ওইটুকু শুধু দিতে পারো আজ আমাকে,
প্রহর ফুরোলে ব্যাকুল রজনীগন্ধা বার বার বলে,আর প্রেম?আর প্রেম?
আর প্রেম...

উত্তর কেউ দেয় না,সামনে চৈত্র,
সর্বনাশের পাশে বসে এক বেসামাল
কী বিপুল টানে টেনে টেনে ধরে কল্লোল,
আমি ভালোবাসি তোমার ওই কাঠবেড়ালি!

এভাবেই কাল ন্যাড়া পোড়াবার আসরে,
এত বড় চাঁদ আকাশের ঠেকে মদালস,
হাততালি দেবে,ভালোবেসে চুমা কপালেও,
আমি দেখবো না চাঁদ বখে গেলে তোমার শরীর কেমন হয়!

হোলিও আসবে,দোলের রঙের মিথুনে,
কত দূরে তুমি হুল্লোড়ে মেতে ভাববে,
ঘাইমাছ আমি কার দেহে রেখে এসেছি,
ভেবে ভেবে তুমি আরো কত রাগ করবে!

রাত বেঁকে যাবে,চাঁদ আরো বাঁকবে,
তোমার অমন শিরদাঁড়া জানি বাঁকে না,
প্রেম আর ক্ষোভ একসাথে দেহে রেখেছ,
বসন্ত নয়,হেমন্ত নয়,কার যেন তুমি 
কত হাহাকারে,কত বাসনার বৈশাখ!


এ জাতীয় আরো খবর