আমাদের অসুখ করেইনি, সারবে কী?
আমার সঙ্গী আমাকে বলে—
ওই যে কালকে শালিখ পাখিটাকে দেখলে
সুকুমারদের ছাতে স্তব্ধ হয়ে পড়ে আছে,
এখন সে জলাভূমিতে শ্বেতপদ্ম হয়ে ফুটে রয়েছে।
এক থেকে দুই, দুই থেকে তিন নয়,
শুধুই এক, এতদিনেও বোঝো না।
সন্ধ্যা নেমে আসে, অন্ধকার আর আলোর তফাত কী?
যদি দেবীর কপালে শরৎকালের আকাশের মতো
লম্বা টিপ জ্বলজ্বল করে সারারাত,
কখনও তো তমসা হয় না।
দুঃখ-কষ্ট-দারিদ্র-বেদনা-অশান্তি তো
প্রথম থেকে আছে, থাকবেই।
তবুও তুমি আমি কিন্তু দুজনে চিরদিন
একসঙ্গে আছি, একসঙ্গে থাকব।
আমাদের অদৃষ্ট কেউ খণ্ডাতে পারেনি, কেউ পারবেও না,
অসুখ করেইনি তো সারবে কী!