শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

প্রায় সাত ঘন্টা পর রাজধানীর মহাখালী-বনানী সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৩-১০ ১৪:০১:৪৮
ছবি সংগৃহিত

প্রায় সাত ঘন্টা পর রাজধানীর মহাখালী-বনানী সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। সোমবার (১০ মার্চ) ভোরে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিং এলাকায় এক নারী পোশাকশ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, যা প্রায় সাত ঘণ্টা ধরে চলে। পরে দুপুর দেড়টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে, সোমবার ভোরে দুর্ঘটনার পরপরই গার্মেন্টস শ্রমিকরা মহাখালী-বনানী সড়ক অবরোধ করেন। তারা ইনকামিং ও আউটগোইং উভয় দিকের রাস্তা বন্ধ করে দেন। যে কারণে বনানী, মহাখালী, গুলশানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরও যান চলাচল বন্ধ হয়ে যায়।
যানজটের কারণে অফিসগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ট্রাফিক জ্যামে আটকে থাকার অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার অভিযোগ করেন, অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। 
বিক্ষুব্ধ শ্রমিকরা দাবি করেন, দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনটি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনানী থানার পুলিশ, ডিএমপির ট্রাফিক বিভাগ এবং শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে নেন। 
বিক্ষোভ প্রত্যাহারের পর ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাখালী ও আশপাশের এলাকায় যানজটের রেশ থেকে গেছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ‘সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করায় পুরো এলাকায় যানচলাচল বন্ধ ছিল। আমরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এখন ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে।’
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের ফলে মহাখালী-বনানী সড়কে যানজট তৈরি হয়েছিল। তবে বিকল্প রুট চালু রেখে আমরা যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ায় এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।’-বা,ট্রি।

 


এ জাতীয় আরো খবর