সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

নারীদিবস:

  • অনামিকা
  • ২০২৫-০৩-০৯ ০০:০৩:৩৭

পৃথ্বীরূপী প্রকৃতির সাথে যে নাড়ীর টান সেই তো নারী। প্রকৃতির মায়ামোহে আবদ্ধ হয় পুরুষ। প্রকৃতির আত্মজা নারী একটি পূর্ণ বৃত্ত যার একেকটি বিন্দুতে রয়েছে স্নেহ, মমতা, প্রেম, বন্ধুত্ব, শ্রদ্ধা, বিশ্বাস এবং আস্থা।
অরণ্যে নির্বাসিতা জনক দুহিতা,  বস্ত্রখন্ডের বাঁধনে কপটান্ধ গান্ধারী, রূপান্তরকামী শিখণ্ডিনী অম্বা, পুরুষস্বভাবা বীরাঙ্গনা চিত্রাঙ্গদা, লাঞ্ছিত রজঃস্বলা পাঞ্চালী ----মহাকাব্যের পাতায় জেগে আছে এমন শত সহস্র প্রকৃতির কন্যা। সৃষ্টির বুকে গাঁথা রয়েছে তাদের বিচিত্র জীবন উপাখ্যান।
তাদের বুদ্ধিদীপ্ত সৌন্দর্য, বাঙ্ময় চাহনির নীরবতা, স্বতঃস্ফূর্ততার প্রাণোচ্ছলতা, বুদ্ধিমত্তার স্বতন্ত্রতা একান্ত তাদের নিজেদের ঐশ্বর্য। হয়তো তাদের কাজল কালো চোখের গভীরতা কাউকে ভাবিয়েছে, তাদের নির্ঝর হাসির কলতান কারোর বুকে ঢেউ তুলেছে, কারোর মূক নির্জনতায় হয়তোবা কেউ হারিয়ে গিয়েছে, কিন্তু তাতে তাদের ভাবমূর্তি কিছু মাত্র নষ্ট হয়নি! বরং বিদ্রোহের লোহিত ধ্বজা উড়িয়ে তারা নিজেরাই নিজেদের ইতিহাস রচনা করেছে।
মহাকালের স্রোতে বয়ে চলা যুগান্তরব্যাপী সময় ভ্রুকুটি করে নারীদের বারংবার প্রশ্ন করেছে----'সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত তোমরা তো কিচ্ছুটি চাওনি, কোন প্রতিদান, বিনিময়, এমনকি শুভেচ্ছা পর্যন্ত না----চেয়েছো শুধু এক টুকরো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস আর নিঃশর্ত ভালোবাসা। সেই নূন্যতম প্রত্যাশাটুকু নিয়েই কি সে যুগের নারী আজকের নারীতে রূপান্তরিত?'
 'নারী'---- তুমি তো পরাজিত হওনি কোনোদিন, কোনোক্ষেত্রে। শুধু ঈষৎ শান্ত ভঙ্গিতে বলেছ, 'অন্যের জন্য বেঁচে থেকে লাভ নেই---- এবার নিজের জন্য বাঁচবো নিজের মতো করে'। আর তাই নিজের করে বাঁচতে গিয়ে বহু যুগের চাপা অনুভূতিগুলো ছাড়পত্র পাচ্ছে আজ নতুন করে, জ্বালাময়ী দীর্ঘশ্বাস জানাচ্ছে,----'কাউকে বিশ্বাস করানোর জন্য নিজেকে নিঃশেষ করার আর প্রয়োজন নেই!' 

সমস্ত শ্রমজীবী নারীদের  হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। 
 


এ জাতীয় আরো খবর