বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বি প্ল ব সা হা

  • স্বপ্নের পাঁজরে জমে থাকা তৃষ্ণা
  • ২০২৫-০৩-০৭ ০১:৪২:২৬

প্রতিদিন লিখি,
প্রতিদিন মনে পড়ে—
সেই বিষাক্ত সময়ের সাপছায়া,
আমি নির্বাক দেওয়ালে খোদাই করি
শব্দহীন পাথরের অনুবাদ,
ভাষাহীন এক ক্রন্দন আটকে থাকে আঙুলের ফাঁকে।

সকালে ঘুম ভাঙে,
সমুদ্রের গর্জন বুকের কফিনে ঠোকর দেয়,
আমি শুনি—
একটা নুপুর পরা পায়ের রুনুঝুনু
ধুলো জমা করিডোরে প্রতিধ্বনি তোলে,
কেউ কি হাঁটছে আমার মনের ভিতর?
নাকি এও এক মৃত প্রহেলিকা?

অদ্ভুত সব দৃশ্য এসে জমে যায় স্বপ্নের গায়ে,
শহরের ইট-পাথর নিঃশ্বাস নেয় বিষাক্ত চোরাস্রোতে,
আমি কি এখনো বেঁচে আছি?
নাকি কেবলই এক আত্মার ছায়া,
যে নষ্ট সময়ের স্তুপে হাঁটতে ভুলে গেছে?

এখানে চোখগুলো খোলা,
তবু অন্ধকারের গাঢ় চাদরে ঢেকে আছে আত্মারা,
তারা চিৎকার করে, শব্দরা পাল্টে যায় ধ্বংসস্তূপে,
সমুদ্রের শব্দ শুনতে শুনতে
আমি গলে যাই এক মহাকাশীয় যন্ত্রের ঘূর্ণিপাকে।

আমার পায়ের ছাপ স্বপ্নের অসীমতলে,
ভিজে বালিতে রেখে যায়
অসংখ্য ক্লান্তিকর বাক্যবিভ্রান্তি,
তবুও কাঁদতে নেই—
কারণ কান্নার শব্দেরা আজও কুয়াশার গায়ে লেপ্টে
পরাবাস্তব কবিতার মতো আছড়ে পড়ে মাটিতে।

আসলে স্বপ্নরা কেমন হয়?
একটা বিদঘুটে প্রশ্ন ঝুলে থাকে চোখের কিনারে,
আমি উত্তর খুঁজতে গিয়ে দেখি,
আমার শরীরেই লুকিয়ে আছে এক অচেনা সমুদ্র...


এ জাতীয় আরো খবর