মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সু জা ন মি ঠি

  • ' আমার হিয়ার মাঝে…
  • ২০২৫-০২-২২ ০০:৫৪:৩২

তোমাকে ছবিতে দেখেই মনে মনে প্রেমিক ভেবে 
চোখে পুরু কাজল দিয়েছিলাম।
 
ঠোঁটে হাসি রেখে নীল রঙের শাড়িতে নিজেকে 
সাজিয়ে তোমার সঙ্গে দেখা করতে গেলাম প্রথম…

পার্কের বেঞ্চিতে দুই হাত দূরে বসে তুমি আমার পায়ের দিকে দৃষ্টি রেখে বললে,
আমি ভালোবাসতে পারব না কখনও হয়ত… 
বাবা মায়ের পছন্দের বিয়ে।
বললাম, তবে কি বিয়ে ভেঙে দেব? 
তুমি ভয় পেলে। বললে, অযত্ন হবে না একটুও! 
বিয়েটা না হলে দুজনেরই বাবা মা দুঃখ পাবে…

ঠোঁটের হাসি মুহূর্তে চিবুক ছুঁয়ে নেমে এল কান্নায়।
ইচ্ছে করছিল ধিক্কার দিয়ে ছুঁড়ে ফেলতে সে আমার প্রথম প্রেম! 
চিৎকার করে বলতে, আমিও একটুও পছন্দ করিনি তোমাকে!
 
পারলাম না।
কী এক অসীম টানে বিয়ের মণ্ডপে দাঁড়ালাম।
তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার কণ্ঠে মালা দিলাম। মালা নিলাম।

তোমার বাড়ি আমার হল।
তুমি যত্ন দিলে আমায়।
খোঁজ নিলে। শরীরে উত্তাপ রাখলে। 
জ্বরে জলপট্টি।
জিজ্ঞেস করলাম, ভালোবাসো? 
বললে, একসঙ্গে থাকলে সহবাস হয়,
ভালোবাসা নয়।

আমার জন্য ফুল আনলে। চকলেট, শাড়ি সব আনলে।
নতুন গাড়ি কিনে আমাকে নিয়ে বেড়াতে গেলে
সামান্য অসুস্থতায় বড় বেশি ভাবনায় পড়লে।
জিজ্ঞেস করলাম, ভালোবাসো?

বললে, নাহ! বাবা মা জোর না করলে…

তবে কি অন্য কাউকে? 
তুমি দুদিকে ঘাড় নেড়ে বললে, কক্ষনো নয়! 
ভালোবাসতে ভালোবাসি না আমি।

একসঙ্গে পা ফেলে ফেলে এগিয়ে চলেছি।
অফিস থেকে ফিরে এসে রাতের রান্না করে
আমার কাছে নিয়ে এলে। হেসে বললে,
ভেবো না আমি পারি না! খেয়ে দেখো
ভুলবে না কোনোদিন…

আমি তো তোমাকে ভুলিনি। 
সেই ছবিতে দেখার পর থেকেই তোমার ভাসা চোখ, স্বপ্নের মত দৃষ্টি আর আলতো হাসির ঘোরে বিভোর। তোমাকে ভোলা এ জন্মে আর হবে না গো।
মনের কথাগুলো মুখে ফুটে উঠলো নাকি? 
তুমি কেমন হকচকিয়ে উঠলে যেন! 
কেমন করে যেন উঠে চলে গেলে! 

বারান্দায় অন্ধকার নেমেছে।
তোমার পাশে দাঁড়ালাম। 
তোমার নিঃশ্বাসে আমার শ্বাস।
তোমার হাত নিলাম আমার হাতে
মনে মনে ঠিক করলাম, এই শেষবার।
আর কখনও নয়। 
এই শেষবার যদি শুনি এ শুধুই যত্ন
এ শুধুই কর্তব্য অথবা ভালোমানুষি
ভালোবাসা নয় আর, সহবাসও নয়। ছেড়ে যাব।
চলে যাব অনেক অনেক দূরে…

আমার ঠোঁট ফাঁক হওয়ার আগেই তুমি বলে উঠলে, 
' আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে…'


এ জাতীয় আরো খবর