প্রিয় নার্গিস,
আমার বয়স পঁচিশ, তোকে বাইশ বলেছিলাম- রাগ করিস না
জানিস, মাস্টারমশায় বলতেন-
"কোলকুঁজো হয়ে হাঁটিস কেন? সবসময় শিরদাঁড়া সোজা করে হাঁটবি বুঝলি?"
আর, মা কী বলত জানিস?
"এই বাঁদর! আয়, চুলে তেল মাখিয়ে দিই। দিন দিন কটাসে হয়ে যাচ্ছে চুলগুলো। আমি তোকে তেল মালিশ করে দেব আর তুই আমায় এক খিলি পান সেজে খাওয়াবি বেটা, কেমন? আমার সোনাটা..."
তোকে বলিনি কখনও, মা যখন সন্ধেয় গরম গরম রুটি সেঁকত, আমি পড়া ফেলে বারান্দায় এসে দাঁড়াতাম-
চারপাশে বসন্ত
আহা
সেগুন গাছের সুরেলা হাওয়া তোর মেহেদি চুলের গন্ধ মাখিয়ে যেত সারা শরীরে আমার
মনে পড়ত তোর বুকের নরম
আমি চোখ বুজতাম
দেখতে পেতাম, ফুলের কুঁড়ির মতো তোর বুকের বাদামি ছোট্ট বোঁটা দুটো
আমি হাসতাম-
"এই শোন, সুতো দিয়ে গিঁট বেঁধে রাখবি ও দুটোয়
না হলে ছানাপোনা হলে দুদু চুষে খাবে কী করে?"
কী লজ্জা কী লজ্জা তোর
বলে ফেলে আমিও লজ্জায় একশেষ
ঠোঁটের লাল তিল কেঁপে উঠত তোর
আর
আমার মনে প্রজাপতির মতো উড়ে এসে লাগত তোর ঝুমকোর ছুন্ছুন্-
"ছিঃ! ইতর! গিদ্ধড়! কিচ্ছু আটকায় না তোর মুখে?
আজ থেকে মুখ দিবি না- যাঃ!"
-বলেই হারিয়ে যেতিস শীতের কুয়াশায়
আমি নামগোত্রহীন দাঁড়িয়ে থাকতাম ছায়ামূর্তি
দেখতাম-
কাঁটাতারে তোর দুধসাদা ওড়না আমার মায়ের লোরির মতো দুলছে তো দুলছেই
ডাকছে আমায়-
"আয়, আমার শরীরের দেশ দেখে যা, আয়..."
নার্গিস,
মাস্টারমশায়কে জ্বালিয়ে দিয়েছিল ওরা
শিরদাঁড়া গুঁড়িয়ে দিয়েছিল
আমার মায়ের, আমার মায়ের গল্প-বলে-ওঠা জিভটা টেনে ছিঁড়ে দিয়েছিল ওরা
মায়ের কোনও হাহাকার ছিল না
আর
তুই?
নার্গিস?
তোর কী হল?
তোর জরায়ুতে বেয়নেট গেঁথে দিয়েছিল যুদ্ধ
পেটে বাচ্চা ছিল যে
আমাদের সন্তান
তুলতুলে দুটো নীল চোখ হয়তো
হয়তো
তোর বুকের ফুল দুটো ঘাঁটতে ঘাঁটতে খিলখিল গালে টোলপড়া আদো আদো নিরস্ত্র ধুকপুক
একটা জীবন
একটা গান
আনন্দ
দুই যোগ দুই সমান সমান চার হয় পৃথিবীতে
কিন্তু অংকহীন হিংসা আছড়ে ফেলল আমায় শরণার্থী সমুদ্রে
মুখ থুবড়ে পড়ে রইলাম আমি সমুদ্রপাড়ে
যেন
সারা পৃথিবী অঞ্জলি দিয়েছে আমায় সময়ের বুকে
আমি কে?
নার্গিস, আমি কে?
নাম : আয়লান কুর্দি
বয়স : অনন্ত
আবার জেগে উঠব আমি
জেগে উঠছি
এই দেখ নার্গিস, আমি প্রবেশ করছি তোর মাতৃভূমির যোনিতে
সতীচ্ছদ সরিয়ে নে
ভয় নেই, লজ্জা নেই কোনও
আমি কোনও যুদ্ধ করব না
বসন্তের ছ্যাঁকা দেব না তোর গায়ে
আমি তো অনুপ্রবেশকারী নই
আমি মানুষ
চল্, আবার জন্ম নিই দুজনে এ দেশের গর্ভে
হাতটা ধর আমার-
আয়, আমরা ইতিহাস হয়ে যাই...
ইতি
তোর আয়লান
#
সদত হসন মন্টো, আয়লান কুর্দি, ঋত্বিক ঘটক
-প্রতিটি শরণার্থী মানুষ স মা ন এই অনুপ্রবেশকারী পৃথিবীতে। এই কথাগুলি যেন আমার, আমাদের, সকলের। যেন সদত হসন মন্টো তাঁর প্রিয়তমাকেই এ কথাগুলি লিখছেন এতদিন এতযুগ অনন্তকাল ধরে
যেন
যেন
যেন
সদত হসন মন্টো + আয়লান কুর্দি = ঝিলম ত্রিবেদী = আমরা সবাই...