রবিবার, মার্চ ৮, ২০২৬

পাইরেসি রোধের বিষয়ে ডিবি কার্যালয়ে ‘সুড়ঙ্গ’ টিম

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৮ ২৩:৫৫:১৮

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনায় ছিল ‘সুড়ঙ্গ’। মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও এর টিকিট নিয়ে দর্শকের মাঝে হাহাকার দেখা গেছে প্রেক্ষাগৃহে। দেশ ছাড়িয়ে প্রদর্শিত হচ্ছে কলকাতা ও মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশের বাইরেও সাড়া মিলছে সিনেমাটির। এরমাঝেই অনলাইনে পাইরেসি হলো ‘সুড়ঙ্গ’। পুরো সিনেমাই ফাঁস হয়েছে অনলাইনে। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনা মূল্যে। শুধু মুভি-সিরিজ ডাউন লোড ওয়েবসাইটে নয়, ইউটিউবেও ছড়িয়ে পড়েছে ‘সুড়ঙ্গ’র অসংখ্য কপি।
তাই সিনেমাটির পাইরেসি রোধের বিষয়ে আইনগত সহায়তার জন্য ‘সুড়ঙ্গ’র পরিচালক রায়হান রাফী, নায়ক আফরান নিশো ও নায়িকা তমা মির্জা বৃহস্পতিবার (২৭ জুলাই) দেখা করেন ডিবি প্রধান জনাব হারুন অর রশীদ সাথে। এসময় তিনি তাঁদের দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। এ সময় ‘সুড়ঙ্গ’ টিমের সঙ্গে দেখা গেছে ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানকেও।

ডিবি প্রধান হারুন অর রশীদ ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করে বলেন, ‘‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসি রোধের বিষয়ে আইনগত সহায়তার জন্য সিনেমার পরিচালক, প্রযোজক, নায়ক ও নায়িকা দেখা করেন। তাদের অভিযোগ আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি আমরা।’

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে রায়হান রাফী জানান, ‘দুই দিন ধরে বিষয়টি আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করছিলাম। সেটা এখন আমরা শূন্যের কোটায় নিয়ে এসেছি। সবচেয়ে বড় বিষয় হল- আজ আমাদের সিনেমার পাইরেসির শিকার হয়েছে। কাল অন্য একটি সিনেমা হবে। সুতরাং আমরা চাই না কোনো সিনেমার সঙ্গে এমনটা হোক। এজন্য আজ পুলিশের গোয়েন্দা বিভাগকে আমরা অফিসিয়ালি জানালাম। জানানোর সঙ্গে সঙ্গে ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ স্যার তার টিমকে বলে দিয়েছেন। তারা আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে পড়েছে।’


এ জাতীয় আরো খবর