অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং ঢাকায় সেনা অভ্যুত্থান বিষয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রকাশিত এক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক গল্পের মতো। এতে আরও বলা হয়, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে তথ্য সন্ত্রাস চালাচ্ছে।
প্রেস উইংয়ের বিবৃতিতে স্পষ্ট বলা হয়, ভারতীয় মিডিয়া বাংলাদেশে শেখ হাসিনার শাসনকে সমর্থন করার জন্য এবং তার ক্ষমতা অব্যাহত রাখতে এক ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে। এই কৌশলের অংশ হিসেবে, তারা তথ্য সংক্রান্ত মিথ্যা প্রচার চালাচ্ছে, যা মূলত বাংলাদেশের জনগণ এবং তাদের স্বাধিকার সংগ্রামের বিরুদ্ধে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা অনলাইন। যদিও পরে প্রতিবেদনটি মুছে ফেলেছে আনন্দবাজার।