শনিবার, মে ২, ২০২৬

রা ব বা নী স র কা র

  • পথনির্দেশ
  • ২০২৫-০১-৩১ ০৮:৫৭:৩৬

ব্যস্ত পথে হাঁটছি ত্রস্ত -- গন্তব্যটা খুঁজে ফিরছি
অথচ সঠিক পথনির্দেশ করছে না কেউই 
কেউ বলছে ডানে আবার কেউ বলছে বামে
সামনে নয় কেন -- তাও বলছে না কেউ
চোখবুজে দেখছে তারা জল-স্থলের মাৎস্যন্যায়
যেন ধ্যানমগ্ন সব বিড়ালতপস্বী।

ডানে পথ চললেই নাকি শান্তি-সুধা অমেয় 
অগণন হুর-গেলেমানে ঠাসা শাহী বালাখানা,
শরাবের পেয়ালা হাতে দণ্ডায়মান অস্পৃষ্ট সাকি
আছে দুগ্ধ নহর, ছায়া সুনিবিড় খর্জূরবীথি
ইচ্ছে পাখির কাবাব আর নাশপাতি নির্যাস,
উদ্ভিন্ন যৌবনের ফোয়ারা, আছে ক্লান্তিহীন উচ্ছ্বাস।

বামে আছে সাম্যের গানে বৈষম্যহীন সমাজব্যবস্থা
আছে খেটে খাওয়া মানুষের স্বপ্ন দেখার অধিকার
আছে কার্ল মার্ক্সীয় তত্ত্ব গলাধঃকরণের পর্যাপ্ত সুযোগ,
শুনি, এ পথেই নাকি গড়া যায় কল্যাণময় পৃথিবী,

কোনপথে গেলে মানবীয় গুণের বিকাশ হবে
কোনপথে হবে তবে ভিন্নমতের সমুন্নত অধিষ্ঠান ! 
বাকির খাতায় তো লিখলাম নগদের ফিরিস্তি
অলীক খোয়াবে দিলাম পার্থিব মূল্যবোধের বলি,
আবার "আমাদের সম্পদের হবে সুষম বণ্টন" ---
          এমন হুক্কাহুয়া শুনতে শুনতে দেখলাম
স্থূল সমাজতন্ত্রীদের আখের গোছানোর মচ্ছব
মনে হয় কতদিন যেন এরা পুঁজিপতির পদলেহন করেনি।

অন্ধের যষ্টি ছাড়া কেউ নেই এমন পথনির্দেশক আর
যে আমায় সঠিক পথটি বাতলে দেবে,
পা পিছলে গভীর খাদে পড়ে গেলেই যেন
                 বেঁচে যান চশমখোর বুদ্ধিজীবীরা, 
তাই কারো কথায় কান দিচ্ছি না, হেঁটেই চলেছি 
উঁচুনিচু পথ হাতড়ে ঠিক একদিন পৌঁছে যাবো গন্তব্যে।


এ জাতীয় আরো খবর