চল্লিশটা বছর পেরিয়ে গেছে বহতা সময়ের স্রোতে
হঠাৎ দেখা হয়ে গেলো সেদিন ঢাকাগামী ট্রেনে।
কালো চুলে সাদা ছোপ পড়েছে,
শরীরেও প্রৌঢ়ত্বের ছাপ লক্ষণীয়,
শুধু চোখ দুটো আছে তেমনি টানা টানা।
পাশের সীট খালি থাকায় বসে পড়লো চুপচাপ,
খবরের কাগজটা খুলে মেলে ধরলো চোখের সামনে।
স্বস্তির নিঃশ্বাস ফেলে বইয়ের পাতা উল্টাতে লাগলাম
অক্ষরগুলো অস্পষ্ট --
আজ আর পড়া হবে না অগত্যা মুড়িয়ে রাখলাম।
ট্রেন ছেড়ে দিল, বাতাসে ভাসছে গায়ের গন্ধ।
বুঝতে পারলাম এখনো বডি স্প্রের অ়ভ্যাসটা বহাল রেখেছে।
তাকিয়ে ছিলাম জানালার বাইরে,
বাদামের ঠোঙাটা এগিয়ে ধরে বললো ---- নিন।
না ফিরেই উত্তর দিলাম -- ধন্যবাদ, বাইরে কিছু খাই না,
বললো -- কোথায় যাবেন ?
মিথ্যে বলতে পারলাম না, বললাম -- রাজবাড়ী।
আরে আমিও তো ওখানেই যাবো, গল্প করতে করতে যাওয়া যাবে।
মনে মনে বললাম --
আমার কথাতো ফুরিয়ে গেছে কী আর বলবো !
কথাপ্রসঙ্গে গ্রামের নামটা শুনেই জিজ্ঞেস করলো --
আপনি প্রভাকে চেনেন ?
মুখটা ঘুরাতেই বলে উঠলো আরে তুমি ?
কেন আমি কী ?
তাকিয়ে থাকা দেখে বললাম -- যেমন ছিলাম তেমনি আছি
অবশ্য এখন অবসরে পরিবর্তন এটাই।
বাম পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে বললো --
বাবা, আমি নেমে যাচ্ছি, তুমি পৌঁছে ফোন দিও ।
ওদের কথা শেষে বললাম --
ছেলে ? ওর মায়ের মতো হয়েছে বুঝি,
--- হ্যাঁ মা তো জন্ম দিয়েই চলে গেল, এখানে একটা চাকুরি করে।
একসময় গন্তব্যে পৌঁছে গেলাম।
গন্তব্যের পথে পা বাড়াতে পিছন থেকে বলে উঠলো --
---- এসো একদিন, অনেক কথা হবে
মাথা নিচু করে বললাম -- সময় নেই।
আমার কথা সব শেষ ।
বুকের ভেতর তখন তুমুল ঝড় বইতে শুরু করেছে,
নীরবে রিকশায় উঠে বসলাম।