শর্ত সাপেক্ষে আগামীকাল শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ এবং বিএনপির মহাসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপিকে নয়া পল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
আজ (বৃহসপতিবার) ২৭শে জুলাই দুপুরে, ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের জানান, দুই রাজনৈতিক দলকেই ২৩ শর্ত মেনে সমাবেশ করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে ব্যানার ফেস্টুন বহনের আড়ালে লাঠি সোটা বহন না করা, জনভোগান্তি রোধে কার্যকর পদক্ষেপ নেয়া, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমাবেশ শেষ করা।
এর আগে বুধবার বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশের স্থান নিয়ে দিনভর চলে নাটকীয়তা। বুধবার রাতে বিএনপি একদিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনেই মহাসমাবেশ করার কথা জানায়। কিছু সময় পর আওয়ামী লীগও আগারগাঁও বাণিজ্য মেলার আগের স্থানে সমাবেশ করার কথা জানায়। পরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের কথা বলে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের নেতারা। দুই বৃহৎ দলের সমাবেশ নিয়ে রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে।