অগ্নিপথ প্রস্তুত, প্রস্তুত যজ্ঞের পুরোহিত
চারিদিকে উৎসুক প্রজাকুল,
প্রাসাদের নারীগণও বেদনায় আকুল,
কুলবধূর সতীত্ব খোয়া গেছে কি না
প্রশ্ন তুলেছেন স্বয়ং রাজগুরু
তবে কি দ্বিধাগ্রস্ত রাঘব নন্দন !
অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হতেই হবে সীতাকে
হেঁটে পার হতে হবে গনগনে অগ্নিপথ।
যে নারী পতিব্রতায় শ্রেষ্ঠ আদর্শিক কুলধর্মে
তার আর কী থাকে হারাবার,
কী এমন ভীতি থাকতে পারে
যার ছায়ার সাথে মিলেমিশে থাকে অগ্নীশ্বর !
রাক্ষস কুল অধিপতি দশানন
কোন উপায়ে স্পর্শ করে মায়াবী নারীর শরীর !
মন নেই যার সে কী করে হতে পারে নিবিড় !
হোক না অমর সে, থাক না পুত্র অরিন্দম
স্নেহের আধারে আছে ঘরের শত্রু বিভীষণ
মানবীয় গুণেই নিহত হবে অর্বাচীন রাবণ।
তবে কেন শুধু সীতাকেই দেখি বাঁকা চোখে
সমস্বরে সবাই প্রশ্ন তুলি তার সতীত্বের,
কী অনুভূতি ছিল সেদিন অবতার রামের
না কি সীতাই নারীজাতির প্রতিভূ এ বিশ্ব লোকে !