সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

আজ বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদৎবার্ষিকী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-১৩ ১৮:০০:৩৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
আজ (১৪ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩ তম শাহাদৎবার্ষিকী। জাহাঙ্গীরের সর্বোচ্চ আত্মত্যাগ মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক পূর্বে ছিল একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। একই সাথে তাঁর মৃত্যুগাঁথায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের একটি বড় ফ্রন্ট ও পাক বাহিনীর নির্বিচার গণহত্যার সাক্ষী চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস।
মুক্তিযুদ্ধকালীন চাঁপাইনবাবগঞ্জ ছিল ৭ নং সেক্টরের অধীন। আর ৭ নং সেক্টরের অন্যতম ফ্রন্টিয়ার জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদ অঞ্চল। এলাকাটি বিখ্যাত আওলিয়া হযরত শাহ নেয়ামতুল্লাহ (র.) এর পূণ্যভুমি হিসেবে পরিচিত। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা। মুক্তিযুদ্ধ,চাঁপাইনবাবগঞ্জ  ও সোনামসজিদ নিয়ে আলোচনা উঠলেই যার নাম প্রথমেই সকলের মনে উদয় হয় তিনি হলেন বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া বাংলাদেম সেনাবাহিনীর একমাত্র অফিসার। কিন্তু এমন একসময় তিনি শহিদ হন যখন ৯ মাস যুদ্ধের পর দেশ  পূর্ণাঙ্গ বিজয়ের ঠিক দ্বারপ্রান্তে। দেশের অনেক অঞ্চলই তখন হানাদার মুক্ত। দিনটি ছিল ৭১ সালের ১৪ ডিসেম্বর। চাঁপাইনবাবগঞ্জ সদর ছাড়া যে দু’টি উপজেলাতে পাক হানাদার ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীর শক্ত ঘাঁটি ছিল সেই শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার (রহনপুর পৌর এলাকা) থেকে মুক্তিবাহিনীর চাপে তারা ১০ ও ১১ ডিসেম্বরই পালিয়ে যায়। মুক্ত হতে বাকী ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর। জেলা সদর মুক্ত করতে মরন কামড় দিয়েছিল মুক্তি সেনারা। পাকবাহিনীর শেষ প্রতিরোধও ছিল জোরদার।
যুদ্ধের মাঝামাঝি সময় পাকিস্থানে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায়  ক্যাপ্টেন জাহাঙ্গীর ভারত সীমান্ত অতিক্রম করে পালিয়ে দিল্লী হয়ে কলকাতা পোঁছান।  সেখানে তাকে মুক্তিযুদ্ধের চীফ কমান্ডার কর্র্ণেল ওসমানী যুদ্ধক্ষেত্র থেকে এসে নিজে অভ্যর্থনা জানান। মুক্তিবাহিনীতে যোগ দেবার পর জাহাঙ্গীরের দায়িত্ব পড়ে ভারতের পশ্চিমবঙ্গেও মালদহ জেলার মহদিপুর (শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের বিপরীতে) এলাকায়। তিনি কাজ শুরু করেন ৭নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে। তখন তাঁর সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক। তাঁদের আক্রমন এত প্রবল ও ত্রাস সৃষ্টিকারী ছিল যে, একবার তাদের আক্রমনের পূর্বেই খবর পেয়ে শত্রæলাইনের সেনারা ভীত হয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়।
সোনামসজিদ সহ বিভিন্ন রনাঙ্গণে অসাধারণ সাফল্যের কারণেই তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর মুক্ত করার দায়িত্ব দেয়া হয়। ডিসেম্বরের শুরুতে তৎকালীন ৭ নং সেক্টর কমান্ডার এ.এন.এম নুরুজ্জামান এ জন্য তিনটি দল গঠন করেন। তৃতীয় দলের দায়িত্ব পান জাহাঙ্গীর। ১০ ডিসেম্বর জাহাঙ্গীর আনুমানিক ৫০ জন সৈন্য নিয়ে সোনামসজিদ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর চাঁপাইনবাবগঞ্জ শহর ঘেঁষা মহানন্দা নদীর অপর পাড়ে সদর উপজেলার বারাঘরিয়া এলাকায় অবস্থান নেন। চাঁপাইনবাবগঞ্জ সদর ম্ক্তু করতে ১১ ডিসেম্বর ভারতীয় গোলন্দাজ বাহিনীর গোলাবর্ষণের কথা থাকলেও তা ঘটে নি। এরপর জাহাঙ্গীর ১২ ও ১৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করেও ভারতীয় বাহিনীর সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। এবার তিনি সিদ্ধান্ত নেন, নিজ সৈন্যদের নিয়েই শহরে প্রবেশের। ১৪ তারিখ খুব ভোরে (আলো তখনও ফোটেনি) তিনি আনুমানিক ২০ জন (এক প্লাটুন) সৈন্য নিয়ে ৩/৪টি ডিঙ্গি নৌকায় মহানন্দা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় পৌঁছান। এখানে নদীতীরে কয়েক কিলোমটিার জুড়ে ছিল শত্রæ সেনাদের প্রতিরক্ষা লাইন। তারা বাংকার খনন করে শক্ত অবস্থান নিয়েছিল। জাহাঙ্গীর নদীতীরে নামার পর শুরু হয় নিকট থেকে দু’পক্ষের তুমুল যুদ্ধ। তাঁর নেতৃত্বে একের পর এক শত্রæ অবস্থান দখল হয়। ওই যুদ্ধে জয় যখন সুনিশ্চিত, ঠিক তখনই ঘটে অঘটন। পাক বাহিনীর দোসর ইষ্ট পাকিস্থান সিভিল আর্মড ফোর্সের ৮/১০ জন সৈন্য  দৌড়ে এসে নদীর চরে যুদ্ধে যোগ দেয়।
আবারও শুরু হয় পাক বাহিনীর অবরিাম গুলিবর্ষণ। তবুও জাহাঙ্গীর জীবনের পরোয়া না করে সামনে এগিয়ে যান। এ সময় সামনাসামনি যুদ্ধে শত্রæর বাংকার চার্জে কপালে একটি বুলেট বিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহাঙ্গীর।
কিন্তু এরপর আর রনাঙ্গণে বেশিক্ষণ টিকতে পারে নি হানাদাররা। তারা সেদিনই চাঁপাইনবাবগঞ্জ সদর ছেড়ে পালিয়ে যায়। মুক্ত হয় চাঁপ্ইানবাবগঞ্জ। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন মুক্তিসেনারা বিজয় পালন করতে পারেন নি। পরের দিন ১৫ তারিখ আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়। ১৫ ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীরের মরদেহ তার শেষ ইচ্ছা অনুযায়ী নিয়ে যাওয়া হয় ছোট সোনামসজিদ প্রাঙ্গণে। বহু নারীসহ অসংখ্য মানুষের চোখের জলে মসজিদ আঙ্গিনায় তাঁকে সমাহিত করা হয়। তাঁর পাশেই রয়েছে আরেক বীরের কবর। তিনি মেজর নাজমুল হক। ৭নং সেক্টরের এক সময়ের সেক্টর কমান্ডার। আজও বহু দর্শণার্থী তাদের কবর দেখতে আসেন ও শ্রদ্ধা জানান ও দোয়া করেন।
ক্যাপ্টেন জাহাঙ্গীরের কমান্ডে সোনামসজিদ ফ্রন্টিয়ারে যুদ্ধ করা পাবনার আটঘরিয়ার বীর মুক্তিযোদ্ধা সগির উদ্দিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেন,জাহাঙ্গীরের সাহসিকতার বিষযটি যুদ্ধ চলাকালীনই ছড়িয়ে পড়ে। তবে তাঁর চরিত্রের অপর একটি দিক খুবই উল্লেখযোগ্য। তিনি ছিলেন ঠান্ডা মাথার সৈনিক ও খুবই জেদী প্রকৃতির। তাঁর যুদ্ধ পরিকল্পনা ছিল অসাধারণ। উর্ধতণ ও অধস্তন সহযোদ্ধাদের তিনি মূল্যায়ন করতেন। সর্বদা নিজেই সামনে থেকে যুদ্ধ করতেন। রণাঙ্গণে মুক্তিযোদ্ধাদের তিনি একাই পরিচালনা করতেন। সগির উদ্দিন বলেন,‘তিনি সোনামসজিদ ফ্রন্টে আমাদের বিদায় জানান ও জেলা সদর মুক্ত করতে গিয়ে প্রাণ বিসর্জন দেন। তাঁর বিভিন্ন স্মৃতি কোন দিনও ভুলবনা। এখনও প্রতিবছর আমি যাই তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে। মেধাবি এই ব্যাক্তির সৈন্য পরিচালনা ছিল বড় সেনাপতিদের মত। সগির বলেন,পাক বাহিনীকে তখন বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনী হিসেবে গণ্য করা হত।  যদিও রাশিয়া ও ভারত মুক্তিবাহিনীর পক্ষে ছিল,তাঁদের লজিষ্টিক সাপোর্ট ছিল,তারপরও তৎকালীন অত্যাধুনিক ও ভারী অস্ত্র সজ্জিত পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর লড়াই করা বেশ কঠিন ছিল। বেশীরভাগ মুক্তিযোদ্ধা স্বল্প প্রশিক্ষিত ও হালকা অস্ত্র সজ্জিত ছিলেন। তাদের পক্ষে ওই পাকবাহিনীর মোকাবেলা সবক্ষেত্রে সম্ভব ছিল না। তারা সকলে ভারী অস্ত্র চালনা করতে প্রশিক্ষিত ছিলেন না। এ ক্ষেত্রে মুক্তিবাহিনীতে যোগ দেয়া ক্যাপ্টেন জাহাঙ্গীরের মত সশস্ত্র বাহিনীর উচ্চতর প্রশিক্ষিত সৈনিকরা বড় বড় যুদ্ধে অগ্রণি ভুমিকা পালন করেন।’
উল্লেখ্য,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ মহকুমা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এ অঞ্চলের মুক্তিসেনারা জেলার ও দেশের বিভিন্ন ফ্রন্টিয়ারে (যুদ্ধক্ষেত্র) অসংখ্য সম্মুখ ও গেরিলা  যুদ্ধে অংশ নেন। অনেকে শহিদ হন। অনেকে হন যুদ্ধাহত। অনেক নারীকে বিসর্জন দিতে হয় সম্ভ্রম। জেলা সহ বিভিন্ন বিভিন্ন স্থানে নির্বিচার গণহত্যা,গণকবর ও বধ্যভুমিগুলো এসব ঘটনার সাক্ষী হয়ে আছে। তবে সকল গণকবর ও বধ্যভুমি এখনও চিহ্নিত হয় নি। জেলার মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ও সঠিক ইতিহাস রক্ষায় বড় কোন কাজ  এখনও হয় নি। তবে স্থানীয় পর্যায়ে রচিত হয়েছে অল্প কিছু বই। এর মধ্যে অন্যতম মো.এনামুল হক রচিত ‘চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ’ ও অধ্যাপক ড. মায়হারুল ইসলাম তরু (সাবেক অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ) রচিত ‘মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ’  ও ‘আন্দোলন সংগ্রামে চাঁপাইনবাবগঞ্জ’ ইত্যাদি অন্যতম।
তবে জাতীয় পর্যায়ে রচিত মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন পুস্তকেও চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযুদ্ধ,সমগ্র মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কথা উঠে এসেছে। এনামুল হক লিখেছেন, ‘অনেক ক্ষেত্রেই কিছু দালিলিক প্রমাণ থাকলেও গবেষণায় পাওয়া মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক তথ্যই স্মৃতিনির্ভর। তিনি মুক্তিযুদ্ধকে মূলত: একটি ‘গণযুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।’ ড. মায়হারুল ইসলাম তরু বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে এখনও বড় কাজ করার সূযোগ রয়েছে’। জেলার মুক্তিযোদ্ধারা অনেকেই বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযুদ্ধের একটি বড় ফ্রন্ট হলও ইতিমধ্যেই জেলার মুক্তিযুদ্ধ, এর সঠিক ইতহাস নিয়ে নানামত রয়েছে। সৃষ্টি হয়েছে কিছু বিভ্রান্তি। এগুলো নিরপেক্ষ কমিটি করে দূর করা জরুরী। নতুবা নতুন প্রজন্ম ক্ষতিগ্রস্থ হবে।
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। ক্যাপ্টেন জাহাঙ্গীর শুধু যোদ্ধাই নন, তিনিও একজন শহিদ বুদ্ধিজীবিও। তবে তিনি রনাঙ্গণে সম্মুখ সমরে নিহত হন। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদৎবার্ষিকী। এ উপলক্ষে জেলা ও বিভিন্ন উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। হবে জেলা শহরের রেহাইচর এলাকায় সড়ক ভবনের ভেতরে ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদৎস্থলে। এখানে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রয়েছে ছোট একটি স্মৃতিস্তম্ভ। এরপর অনুষ্ঠান হবে সোনামসজিদ। সেখানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও মেজর নাজমুলের কবর জিয়ারত করা হবে। পরে নিকটের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ফ্রন্টিয়ারে সরাসরি সম্মুখ সমরে অংশ নেয়া চাঁপাইনবাবগঞ্জের কিছু মুক্তিযোদ্ধা  বলেছেন ,‘জাহাঙ্গীরের সাথে সমন্বয় করে একসাথে যুদ্ধ করেছি। তবে তিনি নিজস্ব একটি সেনাদল নিয়েই বেশিরভাগ যুদ্ধ করতেন। তাঁর বাহিনীতে জেলার স্থানীয় মুক্তিযোদ্ধা ছিল অল্প কয়েকজন। পাবনা, সিরাজগঞ্জ,বগুড়া,নাটোর,রাজশাহীর মুক্তিসেনারাই তাঁর সাথে বেশি সংখ্যায় ছিলেন। তিনি বড়মাপের একজন মুক্তিযোদ্ধা হলেও তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান জানাতে চাঁপাইনবাবগঞ্জে অদ্যবধি বড় কিছু করা হয় নাই। তাঁর নামে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও মাহানন্দা সেতুর নামকরণ ছাড়া  জেলায় নেই কোন মুক্তিযুদ্ধ যাদুঘর বা সংগ্রহশালা। জাহাঙ্গীর সহ জেলার মুক্তিযুদ্ধের স্মৃতি নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে অবিলম্বে এসব করতে হবে। বহুদিন পূর্বে থেকেই চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কটি তাঁর নামে করার প্রস্তাব করা হলেও তা এখনও বাস্তবায়ন হয় নি।
জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, দিবসটি পালন উপলক্ষে ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদৎস্থলে, সোনামসজিদ প্রাঙ্গণে ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে ও নিকটের সোনামসজিদ গণকবর প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। এর আগে ১১ ডিসেম্বর একই দিন শিবগঞ্জ ও রহনপুর মুক্ত দিবস ।


এ জাতীয় আরো খবর