চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে স্থানীয় আ’লীগ নেতা মো. মিন্টুকে (৫২) গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের একটি দলের উপর হামলা ও আসামী কেড়ে নেবার ঘটনায় ৭ পুলিশ সদস্য ‘ক্লোজড’ হয়েছেন। বদলি হয়েছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। তাঁকে পুলিশ সুপার কার্যালয়ে বদলি করা হয়েছে। তবে তিনি সাদা পোষাকের ওই পুলিশ দলে ছিলেন না। গত শনিবার (২অক্টোবর) বিকালে বিভাগীয় ব্যবস্থা হিসাবে এই আদেশ জারি হয়।
রবিবার (৩অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামী আটকের ক্ষেত্রে ‘অপেশাদার আচরণ’ এর জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্লোজড পুলিশ সদস্যরা হচ্ছেন, গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন ও তারেক মাহমুদ। এছাড়াও ক্লোজড হয়েছেন থানার কনষ্টেবল মানিক,আলীম, নেফাউল ও শামীম।
এর আগে গত বৃহস্পতিবার (৩১অক্টোবর) সন্ধ্যায় ওই ঘটনায় হামলায় আহত হন এসআই আবুল কালাম আজাদ,কনষ্টেবল মানিক ও আলিম সহ ৩ জন। ভাংচুর করা হয় পুলিশ বগনকারী সিএনজি অটোরিক্সা। অটোচালকসহ অন্য পুলিশদেরও অটোর ভেতর মারধর করা হয়। এ ঘটনার পর ওই রাতেই মামলা করেন গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক তারেক মাহমুদ। মামলায় ২৩ জনের নামোল্লেখসহ অজ্ঞতানামাদের আসামী করা হয়। মামলার পর ওই রাতেই যৌথবাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে ১৩ জনকে গ্রেপ্তার করে। পরে আরও ২ জন গ্রেপ্তার হয়। এ নিয়ে ওই ঘটনায় ১৫ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে এখনও মিন্টু গ্রেপ্তার হন নি। পুলিশ অভিযান চলছে।
ওসি শহিদুল ইসলাম বলেন, তিনি রবিবার সকালে এ সংক্রান্ত আদেশ পেয়েছেন। ঘটনার পর পুলিশ জানায়, মিন্টু গত ৩০ অক্টোবর থানায় দায়েরকৃত একটি নিয়মিত মামলার আসামী ছিলেন। তাকে ধরতে গিয়ে হামলার শিকার হন পুলিশ দল। তাকে ধরে আনার সময় তার অনুসারী ও স্থানীয়রা অটো ঘিরে ধরে হামলা করে। এসময় তাদের হাতে রড, লাঠি, ইটসহ দেশীয় অস্ত্র ছিল। এ সূযোগে আসামী অটো থেকে নেমে সটকে পড়ে।