বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ম্যাংগো ষ্পেশালের পর এবার চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ছুটবে ‘কৃষিপণ্য ষ্পেশাল’ ট্রেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-২৪ ২০:৫৯:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আলোচিত ‘ম্যাংগো ষ্পেশাল’ ট্রেনের  পর এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে ঢাকা রুটে ছুটবে কৃষিপণ্য স্পেশাল ট্রেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের উদ্যোগে আগামী শনিবার(২৬ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রহনপুর থেকে এর যাত্রা শুরু হবে। বিকেল ৫টা ২০মিনিটে  এটি ঢাকার তেজগাঁও পৌঁছুবে। আপপতত: ট্রেনটি সপ্তাহে একদিন শনিবার চলবে। রেল সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যে কৃষিপণ্য পরিবহনে ওই ট্রেন চালু করেছে। স্বল্প পরিবহন খরছের এই ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে মাছ, মাংস সহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে। রহনপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি পণ্য ভাড়া পড়বে ১ টাকা ৩০ পয়সা। ট্রেনটি এই রুুটে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জংশন, রাজশাহীর কাঁকনহাট, রাজশাহী সদর, সরদহ রোড, আড়ানী, নাটোরের আব্দুলপুর, আজিমনগর, পাবনার ঈশ^রদী বাইপাস,চাটমোহর,বড়ালব্রীজ ও জয়দেবপুর হয়ে ঢাকা পৌঁছুবে। স্টেশনভেদে ভাড়া ভিন্ন ও কুলিচার্জ পৃথক দিতে হবে।
বৃহস্পতিবার(২৪অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেলষ্টেশনে  পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বানিজ্যিক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক সভায় এসব তথ্য জানান রেল কর্মকর্তারা।পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ^াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম। সভায় এ অঞ্চলের ট্রেন চলাচল সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন নতুন ট্রেনের দাবী,সেবার মান, অবকাঠামো ও  সার্ভিস উন্নয়নসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিভিন্ন  মতামত শোনেন কর্মকর্তারা।
রহনপুর রেলষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ বলেন,ট্রেন চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ম্যাংগো স্পেশাল ট্রেনের মতই নিয়মকানুনে ট্রেনটি চলবে। এ ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাষ্টার ওবাইদুল্লাহ বলেন, চাঁপাইনবাবগঞ্জ-থেকে ঢাকা রুটে যাতায়াতকারী বিরতিহীন আন্ত:নগর ট্রেনে একটি বড় লাগেজ ভ্যান সংযুক্ত রয়েছে। এত সপ্তাহে ৬দিন কৃষিপণ্য পরিবহন করা হয়।


এ জাতীয় আরো খবর