চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সংলগ্ন মহানন্দা নদীর দূর্গাপুর যাদুপুর ঘাট থেকে তন্ময় কর্মকার (১৬) নামে ৪ দিন পূর্বে নিখোঁজ এক কিশোরের প্রায় গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর খয়রাবাদ এলাকার জয়দেব কর্মকারের ছেলে ও খয়রাবাদ হাজি সদর আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়,গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে নিখোঁজের ৪ দিন পর গত বুধবার(১৬অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নদী থেকে তন্ময়ের ভাসমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এসএম নূরুল কাদির সৈকত বলেন, নিখোঁজের পর পরিবার গোমস্তাপুর থানায় জিডি করে। এছাড়া বহু খোঁজাখঁজি করেও তার সন্ধান মেলে নি। বাহ্যিকভাবে তার দেহে আঘাতের তেমন কোন চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে ডুবে তন্ময়ের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।