‘অগ্নিকন্যা’ হিসেবে খ্যাত বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
বুধবার সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মতিয়া চৌধুরীর ভূমিকা ছিলো অবিস্মরণীয়। ১৯৬০–এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নেন। এছাড়া বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনসহ যে কোন গণতান্ত্রিক সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে । তাঁকে হারিয়ে জাতি একজন সাহসী, দেশপ্রেমিক ও মেধাবী রাজনীতিবিদকে হারালো।
বিবৃতিতে প্রয়াত মতিয়া চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু জিএস মতিয়া চৌধুরী আজ দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর।