চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বৃক্ষ দিয়ে সাজাই দেশ-সমৃদ্ধ করি বাংলাদেশ-শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা-২০২৪ উদ্বোধন হয়েছে । বৃহস্পতিবার(২৬সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান। বৃক্ষ রোপণ ও পরিচর্যা বিষয়ে বক্তব্য দেন কৃষি উদ্যোক্তা মতিউর রহমান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতিতে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনাবৃষ্টি, প্রচন্ড তাপদাহ,ক্ষরা,অসময়ে বন্যা,বৃষ্টিসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব দূর্যোগ থেকে রক্ষায় বেশী বেশী করে গাছ লাগাতে হবে। সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। পরিবেশ বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধী গাছের চারার ২৫টি স্টল রয়েছে। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।