চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৬০ (ষাট) গ্রাম হেরোইন ও ৯৭৫ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় মো: জনি(২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড,৫ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলার পৃথক অপর এক ধারায় আসামীকে ৩ বছর করাদন্ড,২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দেয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, উভয় সাজা একত্রে কার্যকর হবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: রবিউল ইসলাম একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত জনি শাহাবাজপুরের চাঁদপুর গ্রামের মোবারক আলীর ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্র জানায় এবং রাষ্ট্রপক্ষের আ্ইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন,২০২২ সালের ২০ মার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলডুবরি এলাকায় সড়কের উপর র্যাবের হাতে ৬০ গ্রাম হেরোইন ও ৯৭৫পিস ইয়াবসহ গ্রেপ্তার হয় জনি। এ ঘটনায় ওইদিন একমাত্র তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তারিফুল ইসলাম। ২০২২ সালের ২৬ জুন মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মেসবাহুল হক একমাত্র জনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত রোববার জনিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. শফিক এনায়েতুল্লাহ।