আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। ভোরে বঙ্গবন্ধু সেতুর ১৩ নং পিলারের ওপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনকে উদ্ধার করে। এ সময় আহত আটজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান তিনি।