বুধবার, আগস্ট ২৬, ২০২৬

রাজনীতিতে আমূল সংস্কারের পরামর্শ দিয়েছে টিআইবি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২৮ ২২:২৭:০০

রাজনীতিতে আমূল সংস্কারের পরামর্শ দিয়েছে টিআইবি।এরমধ্যে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে না থাকা এবং সরকার ও দলীয় প্রধান একই ব্যক্তি না হওয়াসহ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাবও দিয়েছে সংস্থাটি। 
বুধবার সংবাদ সম্মেলনে টিআইবি বলেছে, আদালত প্রাঙ্গণে আসামি হাজির করার সময় হামলার ঘটনা আইনের শাসনের লঙ্ঘন। গণমামলার কারণে ছাত্র-জনতার আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি। 
রাজধানীর ধানমন্ডিতে বুধবার গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তবর্তীকালীন সরকারের করণীয় বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। এসময় রাষ্ট্র সংস্কারে বিভিন্ন প্রস্তাব তুলে ধরে সংস্থাটি। 
শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সম্প্রতি নজিরবিহীন প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের জন্য হুকুমদাতাদের বিচার জাতিসংঘের সহযোগিতায় নিশ্চিত করতে হবে। আদালত প্রাঙ্গণে আসামিদের উপর হামলার ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে, তাই এসব বন্ধ করতে হবে। 
অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তনেরও পরামর্শ দিয়েছে টিআইবি। রাজনীতিতে আমূল সংস্কারের তাগিদও দিয়েছে। 
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি ঋণ খেলাপী ও অর্থ পাচারকারীদের ধরতে টাস্কফোর্স গঠনের দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক।
কালো টাকা সাদা করার বিধান বাতিল, প্রশাসন দলীয়মুক্ত করে যুগোপযোগী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন, মানবাধিকার লঙ্ঘণ হয় এমন সব আইন বাতিল ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চত করা সহ নানা পরামর্শ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক।


এ জাতীয় আরো খবর