বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • আকাশের মত অসীম
  • ২০২৪-০৮-২৮ ১৪:২১:২৮

মহাপ্লাবনের কালোরাত ক্ষয়ে 
সূর্যস্নাত সবুজ ভোরের -
ফসলী যুগের আহ্বানে ভরা
আসবে নতুন দিন।
এখন না হয় ভয়ার্ত  জলস্রোত, জীবননাশী--
মানুষের পাশে দাঁড়াও মানুষ,দুহাত বাড়াও
বুকের মিনারে হৃদয় কিনারে ভালবেসে রাখো-
কম্পিত প্রাণ, আতংকে  যার জীবন প্রদীপ
পুরোটাই নিভু নিভু। শক্তি সাহস ভালবাসা দিয়ে
জীবন জাগাও, জীবন পাড়ে হারিয়েছে যারা
জীবনের শ্বাস, বেঁচে থাকবার সবটুকু আশ্রয়। 
খুব কাছে থাকো, জীবন বেলার মঙ্গল দীপ
বুকের অতলে ভরে চিৎকার করে বলো
বানভাসি নই,  বানকে ভাসাই 
ভেঙ্গে চুরে করি চুরমার যত কালোপানি ঢালা 
কালো হাত, কালো রাক্ষুসে জলস্রোত।
মানুষের কাছে থাক, দীপ্ত দুহাত বাড়াও
বলো - আাকাশের মত অসীম আামার হৃদয়ের ঘর
হৃদ পাঁজরের শক্ত প্রাচীরে জলস্রোতী এই ধ্বংসলীলাকে 
রুখে  দিয়ে হবো মানুষের জয়গান।

 


এ জাতীয় আরো খবর