আলপনা আঁকতে গিয়ে কল্পনা হারালো
চন্দ্রিমার অনিমেষ চাহনি শিশির সিক্ত
ঘাসের ডগায় উন্মুক্ত বেদনার উচ্ছ্বাস যেন।
কবির বিহ্বলতা কাটে না আর
চেয়ে থাকে নিশাচর পাখির মতো
রাতের উদরে নিঃসীম কষ্টের আহাজারি
ভেজা জোছনায় কেঁদে ফেরে -----
সে নদী দেখে, ফুল দেখে, পাখি দেখে,
প্রকৃতির অনাবিল সৌন্দর্যের আবাহনে
মাতোয়ারা হয়;
গান গায়, সুর তোলে,ভেসে আসে
শব্দের সঞ্চয়- মৃন্ময় বাক্যের ডালি,
মনে হয় এ গুলো কী কেবলই মিছে -
খামখেয়ালি ?
অনড় অটল কবির ভাবনা খুঁজে ফেরে
স্বস্তির পাদুকা দাঁড়ায় মেরুদণ্ড সোজা ক'রে
সৌন্দর্যে হারিয়ে যাওয়া মন
স্বর্গীয় সুধা পান করে কিছুক্ষণের জন্য,
মানুষ তো মানুষ, নয় সেতো বন্য !