আজ সোমবার (১৯শে আগস্ট) সকালে রেল ভবনে নিজ দফতরে গণমাধ্যমকে সঙ্গে আলাপকালে সরকারি কাজে দায়িত্বে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, এটা কোনো বানে ভাসা সরকার না, এটা মধ্যরাতের নির্বাচনের সরকার না, এটা কোনো থানার ওসির সরকার না। এটা আমাদের ছাত্র-জনতার রক্তে অর্জিত সরকার। সরকারি কাজে দায়িত্বে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে।
রেলপথ উপদেষ্টা বলেন, এবার যদি আমরা ব্যর্থ হই তবে জাতি হিসেবে আমাদের অনেক করুণ পরিণতি হবে। রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটাকে সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে।
টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, মানুষ কাউন্টারে গেলে টিকিট পায় না। কিন্তু আবার ট্রেনে উঠতে গেলে আলাদাভাবে টিকিট পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত হচ্ছে। অভিযুক্ত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ফাওজুল কবির খান বলেন, একদিনে রেল খাতকে লাভজনক করা যাবে না, ধীরে ধীরে এগোতে হবে। এ জন্য প্রথমে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে খরচ কমানো হবে। চলমান প্রকল্পগুলোর ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ এগিয়ে নেয়া হবে।
তিনি বলেন, রেলের জমি উদ্ধারে টাস্কফোর্স গঠন করা হবে। অল্পদিনেই অ্যাকশন শুরু করা হবে।