চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় বাংলাদেশের ৪ শত গজ অভ্যন্তরে বিজিবি’র চ্যালেঞ্জের মুখে বিজিবি’র উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে উদ্যত ৫ ভারতীয় চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় জব্দ হয়েছে ৩টি গরু,৩টি হাসুয়া ও ২টি নৌকা। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি প্রেরণের প্রক্রিয়া শুরু করেছে বিজিবি। গ্রেপ্তাররা হল ভারতের মুর্শিদাবাদ জেলার মৃত রফিকুল ইসসলামের ছেলে সারফরাজ ইসলাম(১৮), আলেক শেখের ছেলে আসলাম শেখ(১৮), রতন সিংহের ছেলে দীপ সিংহ (২৩) বাইতুল মহালদারের ছেলে রনি মহলদার(১৭) ও মেনাউলের ছেলে ওলিল মহালদার(১৮)।
রবিবার(১৮ আগষ্ট) বিকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩’বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়,গত শনিবার(১৭ আগষ্ট) ভোর ৪টার দিকে ভারত হতে ৩টি নৌকা বাংলাদেশে পদ্মা নদীর ভেতরে প্রবেশ করে। নৌকা ৩টির গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহল দল নৌকাগুলোকে চ্যালেঞ্জ করে। এসময় চোরাচালানে ব্যবহৃত একটি নৌকা পালিয়ে যায় ও অপর দুটি নৌকাতে তল্লাশী শুরু করা হয়। এ সময় নৌকায় অবস্থানরত চোরাকারবারিবা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সৈনিকদের আক্রমন করতে উদ্যত হলে বিজিবি সদস্যরা উর্ধতণ কর্তৃপক্ষের নিদের্শে গুলি না চালিয়েই তাদের আটক করতে সক্ষম হয়। পরে নৌকা দুটি তল্লাশী করে ৩টি হাসুয়া ও ৩টি ভারতীয় গরু সহ ৫ চোরাকারবারিকে ্ আটক করে। আটকরা নিজেদের ভারতীয় বলে দাবী করে। বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যে জানা গেছে ওই ৫ জন ভারতীয় গরু চোরাকারবারি যারা নিয়মিত বাংলাদেশে গরুসহ বিভিন্ন মালামাল চোরাচালানে যুক্ত।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মনির-উজ-জামান বলেন, আটকদের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য যাচাই কওে তাদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।