বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

সা গ রি কা জা মা লী

  • ফুটলনা ফুলের মুকুল
  • ২০২৪-০৮-১৬ ১৬:৫২:৪৮

গাছটির পাতা আজ আর একটুও নড়ছেনা , নির্বাক !!
একটু আগে বুলেটের শব্দে কেঁপে উঠেছিল গাছের পাতা --
ভাবছিল কি অপরাধ ছিল চৌদ্দ বৎসরের কিশোরটির ???
রোজ গাছের তলায় বসে স্বাধীনতার স্বপ্ন দেখত বলে ??
জয় বাংলা বলে নারকেলের পাতা দিয়ে চশমা বানিয়ে -
মুজিব মুজিব সেজেছিল বলে ? 
না কি গাছের তলায় মাটি, ঘাস আর গাছের 
ফুলপাতা দিয়ে স্বপ্নের স্বাধীন দেশের ছবি সাজিয়েছিল বলে ? 

টগর ফুলের গাছটিও আজ অঝোরে কাঁদছিল।
গতকালও ছেলেটি তার ঝরে পড়া সাদা টগর ফুল দিয়ে -
শান্তির কবুতর বানিয়ে আকাশে উড়িয়েছিল খেলার ছলে ।
ফুল গুলো নিজের ঝরে পড়াকে স্বার্থক বলে মনে করছিল !!

গাছে বসে থাকা কোকিলটি স্তব্ধ হয়ে গেছে আজ ! 
শুধু একটা গুলির শব্দ আর ছেলেটির বুকের 
তাজা রক্ত দেখে ও সুর ভুলে গিয়েছে !--ভেবেছিল গতকালও,ছেলেটি সারাক্ষণ যে গানটি গাইত, সে ও তার সাথে গাইবে --"আমার মুক্তি আলোয় আলোয় , এই আকাশে --"
স্বাধীন দেশের স্বাধীন আকাশে ওড়ার গান ।।

ছেলেটি পতাকা বানিয়ে , খেলনা মন্চ সাজিয়ে 
মুজিব সেজে যখন কিশোর গলার ভাঙা স্বর
যতটা ভারী করা সম্ভব, সে রকম করে বলছিল--
"এবারের সংগ্রাম  আমাদের মুক্তির সংগ্রাম , 
এবারের  সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম  "-

ওর খেলনা চশমা পড়ে অভিনয় দেখে  তারা 
অবাক হয়ে ওকে দেখছিল , ওর আনন্দে 
আনন্দিত হচ্ছিল !----হঠাৎ শেষ বিকেলের নিস্তব্ধতার বুকে 
বুটের মচ মচ শব্দে আতঙ্কিত হয়ে উঠল চারিদিক !!
কিছু মুহূর্ত--একটি পাকিস্তানী সৈনিক ক্রুর হাসি হেসে
তার রাইফেলটি ছেলেটির দিকে তুলে ধরেই বলে ওঠে-
শালা ! স্বধীনতার কথা বলছে -তারপর গুলি করল...
লুটিয়ে পড়ল ছেলেটি গাছের তলায়, ওর হাতে
ধরা ছিল কলাপাতা দিয়ে তৈরী সবুজ  রং -এর পতাকা ,
বুকের ছিটকে পড়া তাজা রক্তে কলাপাতার
বুক রঙীন হয়ে গেল --
শেষ মুহূর্তে ওর নরম ঠোঁট
বিড় বিড় করে স্বধীনতার কথাই বলছিল --
তারপর সে চলে গেল চির যাত্রার অজানা পথে ---
অবুঝ কিশোর জানলোওনা, সে কী দিয়ে গেল আজ

তাঁর সাধের স্বপ্নের ভূখন্ডটিকে ! স্বপ্নের বীজ বপন
করল মানুষের মনে --স্বাধীন দেশ , স্বাধীন আকাশ , স্বাধীন চেতনা--কেউ জানলোনা সেই 
কিশোরের কথা !!!
শুধু গাছ, টগর ফুল আর কোকিল তাদের ভাষায়
চিৎকার করে বলে উঠল--- আমরা তোমাকে ভুলবনা , কোনদিন ভুলবনা ----
তোমার স্বপ্নের দেশে পাতা হব, ফুল ফোটাব আর গান গাইব !!!!!


এ জাতীয় আরো খবর