বৃষ্টিস্নাত সকালে একগুচ্ছ শুভ্রতা নিয়ে কাছে এলে
পরাণের গহীন ভেতরে বেজে উঠলো আবহমান সানাই
কানে কানে এক সার্বজনীন ভাষায় কী যেন বললে
আমার ভেতরে তাপিত হয়ে উঠলো দুষ্ট কানাই।
তুমি এসে অনুকূল হলে, খুলে দিলে তিস্তা ব্যারেজ
স্রোতস্বতী হয়ে উঠলো আমাদের আবহমান চেতনা নদী
ক্রমে খালি হয়ে এলো বীজতলার গোপণ গ্যারেজ
তুমি আমি চলতে থাকলাম কাল নিরবধি।
এখানে আমরা সবাই একই রেখায় ক্রমে ধাবিত পতিত
সমান্তরাল এক বোধে চেতনায় জন্মাই ধান আর ধান
তোমার আমার শ্বাসে বৃক্ষে নদী অন্তরীক্ষে গান হয় গীত
তোমার আর আমার জন্য পৃথিবীতে গান অফুরান।
বৃষ্টিধৌত সকালে তুমি আজ কেমন শুভ্রতায় অনাবিল
তোমার আমার শ্বাসে মেঘ গলে বৃষ্টি নেমে ভরে গেলো বিল।