দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি অদায়ে ডাকা অসহযোগ আন্দোলন এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে অগ্নিগর্ভ দেশ। বিভিন্ন স্থানে হামলা-আগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন স্থাপনা ও গাড়িতে। আন্দোলকারী-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে সারাদেশে এখন পর্যন্ত রংপুরে ৪,পাবনায় ৩, মুন্সিগঞ্জে ২, মাগুরায় ১ এবং কুমিল্ল ও বগুড়ায় ১ জনসহ ১২ জন নিহত হয়েছেন।
পাবনায় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৪ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের সমাবেশে পেছন থেকে অতর্কিত গুলি চালানো হয়। এ ঘটনায় শিক্ষার্থী জাহিদুল ইসলাম (১৯), মাহবুুবুল হোসেন (১৬) ও ফাহিম (১৭) নিহত হন।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীরা শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থান করছেন।