চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ কায়দায় আমের ঝুড়িতে (ক্যারেটে) পাচারকালে ৪২৫ বোতল ফেনসিডিলসহ ইদ্রিস আলী (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি জেলার নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। গত বৃহস্পতিবার (১আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে কানসাট বাজার ব্রীজ এলাকায় পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ইদ্রিসকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়
শুক্রবার(২আগষ্ট) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদ্রিস পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলা সহ বিভিন্ন এলাকায় সরবরাহে জড়িত। গত বৃহস্পতিবার রাতে মাদকের একটি বড় চালান পাচারের গোয়েন্দা তথ্যে একটি ব্যাটারীচালিত রিক্সাভ্যানের গতিরোধ করে ভ্যানে থাকা আমের ঝুড়ি তল্লাশী করে ফেনসিডিল পাওয়া গেলে ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।