শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

মি জা ন দৌ ল ত

  • তুই কোন্ পক্ষে ?
  • ২০২৪-০৭-১৯ ১৫:৪১:২৭

অবাক কান্ড কি জানেন? 
যাদের কাঁধে লাশের মিছিল 
ওদের চোখে আগুন, ফাগুন হারিয়েছে 
নির্ঘুম রাতে 
কার কি তাতে?
মিছিলে মিছিলে সয়লাব পুরো শহর,
দুরন্ত বেগে ছুটছে মিছিলের বহর।
কোন একদিন লাশ নিয়েও টানাটানি 
এই লাশ কার, কোন পক্ষের তাও জানি।
এই লাশের আবার পক্ষ বিপক্ষ আছে?
লাশ দাবীতে দক্ষ সবাই বহুদিন ধরে 
খুব হুঁশিয়ার ! বিপক্ষ আবার দাবি করে পাছে!
কিন্তু হায় ! লাশ কই, লাশ?
লাশ খুঁজে পাই না আজ।
 যারেই জিজ্ঞেস করি লাশের কথা
অবাক হয়ে তাকায় সবাই, 
সবার চোখে মুখে অবিশ্বাস 
কিরে ভাই, তুই আবার কে'রে ভাই?
নিজেকে অচেনা শহরের আগন্তুক মনে হয়, 
আমার শহরে আমারই অচেনায় বসবাস।
আবার শুধাই, লাশ কই, লাশ? 
তোদের খাই মিটে না? আরও দখল চাস?
কি আশ্চর্য! এই শহরের সবাই কি ঠসা নাকি!
আমার কথাটা কেউ যেন শুনতেই পায়নি, 
উত্তরের অপেক্ষায় থাকি।
নিরুপায় আমি' একজনের পথ আগলে দাঁড়াই,
-আমি আপনাকে এড়িয়ে যেতে দিব না,
 আমার প্রশ্নের জবাব দিতেই হবে আজ
 লাশ কই, লাশ?
তিনি যেন আকাশ থেকে পড়লেন, কিসের লাশ, কোথায় লাশ? কার লাশ?
আমি বিস্ময়ে বিমূঢ়! বলে কি'রে বেলাজ!
অতঃপর - আপনার সাহস তো কম না,
ধরলেন কলার চেপে 
-খবরদার! জোরে কথা বলবেন না,
কথা বলবেন মেপে ঝেপে, চেপে চুপে।
নইলে, একদম অন্ধ কুপে।।
-ইশ্ কইলেই হইলো! দেশটা কি মগের মুল্লুক!
আরে উল্লুক, আগে ডিসিশন নে' তুই কে!
তোর সীমানা কতটুক!! তুই কোন পক্ষ 
লক্ষ কি তোর ? আসলে তুই কি চাস ?
মিন মিন করে বলি- আমি যে কি চাই 
আসলে আমারই মনে নাই....
ভুলে গেছি সব, কি চেয়েছিলাম স্বাধীনতায় 
আমার চাওয়া সব হারিয়ে গেছে না পাওয়ার বেদনায়।
লাশের শহরে লাশের মিছিল
কিন্তু হায়! লাশ কই লাশ?
যখনই কিছু চাই-
 তখনই শুধু আমি খুঁজে পাই 
আমার মায়ের সর্বনাশ!!

 


এ জাতীয় আরো খবর