চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও সদও উপজেলায় বজ্রপাতে মো.উজ্জল (৫৫) ও ওসমান গণি(৩২) নামে দুই কৃষি শ্রমিক এবং কমলা রানী(৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার(১১ জুলাই) সন্ধ্যায় জেলাব্যাপী ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সময় ঘটনাগুলো ঘটে। উজ্জল জেলার গোমস্তাপুর ইউনিয়নের বাঙ্গাবাড়ী ইউনিয়নের মমতাজ আলীর ছেলে,ওসমান নাচোল সদর ইউনিয়নের ঝলঝলিয়া এলাকার আখের আলীর ছেলে ও কমলা সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমারক হিন্দুপাড়া গ্রামের পরশ রায় পটলের স্ত্রী।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সময় ঘটনাগুলো ঘটে। উজ্জল নাচোলের নেজামপুর ইউনিয়নের কামারজগদইল এলাকায় ও ওসমান বাড়ির অদূরে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে মারা যান।অপরদিকে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান ও গোবরাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মো. রাসেল বলেন, বাড়ির পাশের সড়কে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান কমলা।
এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।