চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কোন্দলের জেরে দুই সন্তানের জননী স্ত্রী শিরিন বেগমকে (৩৫) দাও দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামী মইনুল হক (৩৭)। এ ঘটনায় মইনুলকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত দাওটি জব্দ করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত শনিবার দিবাগত রাত ১ টার দিকে(৩০জুন রবিবার) মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ডাকনিপাড়া গ্রামে মইনুলের বসত বাড়িতে ঘটনাটি ঘটে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সানাউল্লাহ বলেন, গত শনিবার দিবাগত গভীর রাতে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ মাথা,ঘাড় ও হাতে দাও এর কোপে জখম শিরিনকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে রাতেই উন্নত চিকিৎসার জন্য প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকাল ৬টার পরে রাজশাহীতে চিকিৎসাধীণ অবস্থায় শিরিন মারা যান।
পুলিশ কর্মকর্তা সানাউল্লাহ আরও বলেন,প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছাড়াও স্বামীর ভাইদের সাথে স্বামীর জমিজমা নিয়ে সমস্যার ব্যাপারে সংসারে ঝামেলা চলছিল। ধারণা করা হচ্ছে এরই জেরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের বড়ভাই বাইরুল ইসলাম মইনুলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ সন্ধ্যায় আসামীকে আদালতে পাঠিয়েছে।