বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভোলাহাটের আমবাগানে রাসেলস ভাইপার পিটিয়ে মারল আমবাগান শ্রমিকরা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-২৪ ২২:১৭:২৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি আমবাগানে একটি চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে শ্রমিকরা। উপজেলা বন বিভাগ,প্রাণিসম্পদ অফিস,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার(২৪জুন) সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলালপুর এলাকার একটি  আমবাগানে বাগান শ্রমিকরা সাপটির দেখা পায়। এ সময় তারা সেটি পিটিয়ে মারে ও পরে মাটিতে পুঁতে দেয়।
বাগান মালিক ও ভোলাহাট ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ১০/১২ জন শ্রমিকসহ তিনি নিজে একটি আমগাছে আমপাড়ার সময় একজন সাপটির অস্তিত্ব টের পায়। সঙ্গে সঙ্গে তারা সেটি আমপাড়ার লম্বা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে একটি খবরের কাগজের উপর তুলে রাখে। এ সময় আশপাশের অনেক মানুষ সেখানে জড়ো হয়। সাপটি প্রায় ৩ফুট লম্বা ও  দু’আঙ্গুলের মত মোটা মাঝারি আকৃতির বলেও জানান মিজানুর রহমান। তিনি বলেন,সাপটির রং,মুখের হা ও সামনের দুটি দাঁত দেখে বাগানের সকলে সেটি ইন্টারনেটের ছবির সাথে মিলিয়ে রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।
উপজেলা বন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন,তিনি সাপটির ছবি দেখে সেটি রাসেলস ভাইপার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। যেখানে সাপটি মারা হয়েছে সে স্থানটি ভারত থেকে ভোলাহাটে প্রবেশ করা মহানন্দা নদীর অদূরে। মাঝে বিল রয়েছে। এ অঞ্চলে আগেও রাসেলস ভাইপারের খবর পাওয়া গেছে। তিনি এ ব্যাপারে সকলকে সতর্ক ও সচেতন থাকার আহব্বান জানান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার বলেন, তিনি তাঁর দপ্তরের এক কর্মীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন। একই এলাকায় বাড়ি ওই কর্মী ছবি পাঠালে তিনি সেটি রাসেলস ভাইপার হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার ঘটনাটি জানতে পেরেছেন বলে জানান। 
 

 


এ জাতীয় আরো খবর