চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় গত কয়েকবছরের ন্যয় এবারও সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার(১৬জুলাই) সদরের দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা গ্রামে ও শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘি গ্রামে দুটি জামাত অনুষ্ঠিত হয়। দুটি জামাতেই আশপাশের বিভিন্ন গ্রামের মুসল্লীরা উপস্থিত হয়ে নির্বিঘেœ নামাজ আদায় করে। এছাড়া দুটি জামাতেই পর্দা দিয়ে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিল।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মোমিনটোলা গ্রামের একটি আমবাগানে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। এতে পাশের বাগানপাড়াসহ বিভিন্ন গ্রামের প্রায় ৮০ জন মুসল্লী অংশ নেয়। এর মধ্যে ৩০ জন পুরুষ,৫০ জন মহিলাসহ শিশুরা অংশ নেয়। তবে পশু কোরবাণীর কোন খবর এখনও জানা যায়নি। জামাতে ইমামতি করেন মাওলানা আবুল কালাম আজাদ।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, ছিযাত্তরবিঘিতে একটি আমবাগানে অনুষ্ঠিত জামাতে একশ থেকে দেড়শ মানুষ অংশ নেয়। ইমামতি করেন জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের মাওলানা মোজাম্মেল হক। নামাজ হলেও পশু কোরবাণীর কোন খবর জানা যায় নি।