চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে পেছন থেকে বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেলার নাচোল সরকারি কলেজের ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মোটরসাইকেল আরোহি জাহিদ হাসান (৪২) নিহত হয়েছেন। তিনি নাচোলের নেজামপুর গ্রামের মৃত আব্দুল মাতিনের ছেলে। পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার(১৪জুন) সকাল সাড়ে ১১টার দিকে ১ নং ওয়ার্ডের কল্যানপুর ফকল্যান্ড মোড় এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ খালি ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৪-৭৫৯১) আটক করলেও এর চালক পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন,জাহিদ হাসান ইমামতির সাথে যুক্ত ছিলেন। তিনি শহরের নামোশংকরবাটি এলাকার একটি মসজিদে জুম্মার নামাজ পড়ানোর জন্য মোটরসাইকেলযোগে নাচোল থেকে জেলা শহরে আসছিলেন। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ার পর জাহিদ হাসানের মাথার একদিকের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স ঘটনার প্রায় সাথে সাথেই তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল সরকারি কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, জাহিদ হাফেজ ছিলেন। জুম্মা’র নামাজে তিনি নাচোলসহ বিভিন্ন এলাকার মসজিদে বয়ান ও ইমামতি করতেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও তিনটি শিশুসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নাচোলে শোকের ছায়া নেমে এসেছে।