বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে ৬ উইকেটে হারালো নেদারল্যান্ডস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৬-০৫ ১০:২১:৫০

টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম খেলায় ৬ উইকেটের জয় দিয়ে আসরে শুভ সুচনা করেছে নেদারল্যান্ডস।
মঙ্গলবার ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয় নেপাল ও নেদারল্যান্ডসের খেলাটি। কিন্তু খেলা শুরু হওয়ার পর আর বৃষ্টি হয়নি। 
টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ম্যাচে ডাচদের বোলিং তোপের মুখে ইনিংসের ৪ বল বাকি থাকতেই ১০৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হত ১০৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১০৯ রান করে ১ ওভার ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় নেদারল্যান্ড্স। ওপেনিংয়ে নামা ও’ডাউড একপ্রান্ত আগলে রেখে জয় নিশ্চিত করলেও অন্যপ্রান্তে চার ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। চারটি চার ও এক ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন ও’ডাউড। তিনে নামা বিক্রমজিৎ সিং ২৮ বলে ২২ রান এবং সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ১৬ বলে ১৪ রান করেন। শেষ দিকে ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন বাস ডে লেডে।
নেপালের হয়ে দীপেন্দ্র সিং আইরি, সোমপাল কামি এবং অভিনাশ বোহরা একটি করে উইকেট নেন।
আগে ব্যাটে নেমে ডাচ বোলারদের সামনে নেপালের কেউই দাঁড়াতে পারেনি। দলের সর্বোচ্চ রান করেছিলেন রোহিত পাউডেল। ৩৭ বলে ৩৫ রান করেন নেপাল অধিনায়ক। বাকীদের মধ্যে কারাণ কেসি ১২ বলে ১৭ রান, গুলশান ঝা ১৫ বলে ১৪ এবং অনিল সাহ ১২ বলে ১১ রান করেন।
ডাচ বোলারদের মধ্যে টিম প্রিঙ্গেল ও লোগান ফন বিক তিনটি করে উইকেট নেন। পল ফন মিকেরেন ও বাস ডে লেডে নেন দুটি করে উইকেট।


এ জাতীয় আরো খবর