মঙ্গলবার (০৪ জুন) কুমিল্লার চৌদ্দগ্রামে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একটি কার্ভাড ভ্যানের চালক সাগর ও হেলপার বেল্লাল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ দু'টি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন জানান, মঙ্গলবার ভোরে ছুপুয়া এলাকায় ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান নষ্ট হয়ে যায়। এসময় চালক ও হেলপার গাড়িটি চালু করার জন্য অপর একটি কাভার্ডভ্যানের সহায়তা নেয়। তাদের কাভার্ডভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়ার জন্য অপর কাভার্ডভ্যানের সামনে পাইপ লাগাতে যান চালক সাগর ও হেলপার বেলাল।
এসময় সহায়তাকারী কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন নষ্ট হওয়া কাভার্ডভ্যানের চালক ও হেলপার। এসময় আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা কবলিত ৩টি কাভার্ডভ্যান আটক করা হলেও ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে।